
বস্তি, মেস, হোটেল, ক্লিনিকে তল্লাশি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ভোটের আগে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতার চক্রান্তের বেশ কিছু তথ্য পেয়েছে গোয়েন্দারা। এরপরই গতকাল বুধবার (২৬ ডিসেম্বর) রাত থেকে রাজধানী চষে বেড়াচ্ছেন তারা। শুধু তাই নয়, প্রতিবেশী দেশগুলো থেকেও প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি প্রবেশ ও নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এ কারণে দেশের প্রতিটি সীমান্ত চেক পোষ্টে নজরদারি বাড়ানো হয়েছে। তাছাড়া রাজধানীর বিভিন্ন মেস, হোটেল, ক্লিনিক ও বস্তিতে তল্লাশী চালানো হচ্ছে। রাজধানী ও বিভাগীয় শহরে ব্যাচেলরদের জাতীয় পরিচয় পত্র ও কর্মস্থলের গ্যারান্টি পত্র বা প্রত্যয়নপত্র সঙ্গে রাখারও পরামর্শ দিচ্ছে গোয়েন্দারা।
এ সময়ে দেশের প্রতিটি আর্ন্তজাতিক বিমান বন্দর ও রেল ষ্টেশনে সতর্ক পাহারা বসিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা। এমনই দাবি একাধিক গোয়েন্দা সংস্থার। গোয়েন্দা সূত্র বলেছে, বহিরাগত পাক গুপ্তচর সংস্থা আইএসআই এমন নাশকতা ও সুশীল সমাজের লোকজনকে হত্যায় উদ্বুদ্ধ করছে।
পুলিশ সদর দফতর বলেছে, নির্বাচনী প্রচারণাকে রক্তাক্ত করা ছাড়াও জনপ্রিয় কিছু মানুষের ওপর হামলার চক্রান্তের খবর পাওয়া গেছে। এধরনের খবর গোয়েন্দাদের হাতে আসায় চিন্তা বেড়েছে বাংলাদেশের পুলিশ ও প্রশাসনের। পুলিশের দাবি, ইতোমধ্যেই দেশজুড়ে নজরদারি বাড়িয়েছে তারা। চক্রান্তে যুক্ত কয়েকজনকে চিহ্নিত করার পাশাপাশি কয়েকটি জায়গায় তল্লাশিও চালানো হয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, এই চক্রান্তের অনেকটাই এখন তাঁদের কাছে স্পষ্ট। আশুলিয়ায় সারি সারি গার্মেন্টস কারখানার লক্ষাধিক কর্মীর প্রায় সকলেই মহিলা। দুই একদিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষের মতো ইস্যু খুঁজতে পারে তারা। এছাড়া ৩০ তারিখে নির্বাচনের আগে তেমনই দু এক জনকে ধর্ষণ ও খুনের নাটক সাজিয়ে বাকি শ্রমিকদের রাস্তায় নামিয়ে অরাজকতা সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা।
গোয়েন্দা সূত্রের দাবি, বিএনপির কয়েকজন নেতা ও সরকার-বিরোধী এক বাম শ্রমিক নেতা এই চক্রান্তে যুক্ত। গার্মেন্টস শ্রমিকদের মধ্যে জামাত-শিবিরের যথেষ্ট প্রভাব রয়েছে। শ্রমিকদের রাস্তায় নামানোর বিষয়ে তারাও তৎপর হয়েছে। নির্বাচনের আগে গার্মেন্টস শ্রমিকদের দিয়ে নৈরাজ্য ও নাশকতা করিয়ে দেশে-বিদেশে প্রশাসনের ভাবমূর্তি ধূলিসাৎ করতে অপচেষ্টায় লিপ্ত ষড়যন্ত্রকারীরা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার ও সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, দেশে জঙ্গিদের তৎপরতা নেই বললে চলে। জঙ্গি দমনে রুটিন মাফিক অভিযান চলমান। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিমান বন্দর ও রেল ষ্টেশন, সমুদ্র বন্দর, সীমান্তে গোয়েন্দা, র্যাব, বিজিবি, কোষ্টগার্ড সতর্কাবস্থায় রাখা হয়েছে। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই বলে তিনি জানান।



