খেলা

বাঁচা-মরার ম্যাচে টাইগারদের লক্ষ্য ১৪৩

টাইগার বোলিং তোপের মুখে ১৩ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৬৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বিনিময়ে হারায় এভিন লুইস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেলের উইকেট। তবে অভিষিক্ত রোস্টন চেইজ, নিকোলাস পুরান ও হোল্ডারের ব্যাটে চড়ে শেষ ৭ ওভারে ৭৭ রান যোগ করে ক্যারিবীয়রা। যাতে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান।

যদিও পুরান ও চেইজকে পরপর দুই বলে তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শরিফুল। তবে সেটা না হলেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনিই ইনিংসের সেরা বোলার। শরিফুল ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান। মাহেদি ২৭ রান দিলেও নিজের শেষ দুটি ওভারে ৩৩ রান দেয়া মুস্তাফিজের কোটা থেকে ৪৩টি রান পায় ক্যারিবীয়রা।

এদিন শুরুতেই গেইল ৪, এভিন লুইস ৬, শিমরন হেটমায়ার ৯, আন্দ্রে রাসেল শূন্য রানে আউট হন। তবে দুইবার জীবন পেয়ে ৩৯ রান করে অভিষিক্ত রোস্টন চেইজ আর মাত্র ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান।

এই দুজনকে হারানোর পর শেষ দিকেও ঝড় তোলে উইন্ডিজ। মাত্র ৫ বলে দুই ছয়ে ১৫ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। তাঁর সঙ্গী হিসেবে পোলার্ড দ্বিতীয়বার নেমে অপরাজিত থাকেন ১৮ বলে ১৪ করে। যাতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের স্কোর গড়ে ক্যারিবীয়রা।

এদিন দুটি করে পরিবর্তন নিয়ে এদিন মাঠে নেমেছে উভয় দল। এ ম্যাচে তাসকিন ও সৌম্যকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ দল। সেক্ষেত্রে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস।

অন্যদিকে, অফ ফর্মে থাকা লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশকে বাদ দিয়ে রোস্টন চেইজ ও জেসন হোল্ডারকে একাদশে ফিরিয়েছে উইন্ডিজ। এই ম্যাচ দিয়েই মূলত টি-টোয়েন্টিতে অভিষেক হলো রোস্টন চেইজের।

এর আগে সুপার টুয়েলভপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের কাছে। ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা। প্রথম ম্যাচে ইংল্যান্ড, আর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, মুখোমুখি দেখায় ক্যারিবিয়ানদের চেয়ে কিন্তু খুব পিছিয়ে নেই টাইগাররা। ১২ ম্যাচে উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫টিতে।

বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেইজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension