
বাংলাদেশে আবারও কোকা-কোলার উৎপাদন কার্যক্রম শুরু
বাংলাদেশে আবারও কোকা-কোলার উৎপাদন কার্যক্রম শুরু হলো। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ময়মনসিংহে ইন্টারন্যাশনাল বেভারেজেস কোকা-কোলার উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হলো।
করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতির মান বিষয়ে সরকারের কল-কারখানা পরিদর্শন কর্তৃপক্ষের পরিদর্শন ও মূল্যায়নের পর এই উৎপাদন কার্যক্রম শুরু হলো।
ইন্টারন্যাশনাল বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল বলেন, একটি বিশ্বস্ত বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে কোকা-কোলা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদনের পাশাপাশি খাবারের সুরক্ষা ও গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্দান্ত স্বাদের পাশাপাশি ভোক্তাদেরকে নিরাপদ পানীয় সরবরাহে গুদাম ও বিতরণ কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ‘কোভিড-১৯’ মহামারি সবাইকে কঠিন সময়ের মুখোমুখি করেছে। কোম্পানি কর্মী, পণ্য ও ভোক্তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সংকটের শুরু থেকেই অত্যন্ত সচেতনভাবেই পদক্ষেপ নেওয়া হয়।◉



