
বাংলাদেশে জাতীয় সংসদ ভবনের ৫৮ আনসার সদস্য করোনায় আক্রান্ত
বাংলাদেশে জাতীয় সংসদ ভবনে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকা ৫৮ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।
আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, এছাড়া অন্যান্য স্থানে দায়িত্ব পলনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক উপমহাপরিচালকসহ আরও ১০৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। তার নাম আব্দুল মজিদ। আইডি নং-১৩১৮৯ (বগুড়া)। তিনি অঙ্গীভূত হয়ে ভাটারা থানায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ আরও জানান, আক্রান্তদের মধ্যে বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারী রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আক্রান্তদের মধ্যে থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন সুস্থ হয়েছেন।◉



