খেলা

বাংলাদেশ পাকিস্তান অঘোষিত সেমিফাইনাল

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ  আজ আবুধাবিতে বাংলাদেশ সময় বেকেল ৫:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অঘোষিত সেমিফাইনাল। আর পাকিস্তানের বিপক্ষে জয়ি হলেই ২৮ সেপ্টেম্বরে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন এশিয়া কাপের সুপার-ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে কঠিন পরীক্ষায় পড়তে হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজ দল পাকিস্তানকে নিয়ে চিন্তিত তিনি। সাবেক এ গ্রেট পেসার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ, পাকিস্তানের পারফরমেন্সে আমি হতাশ। পাকিস্তানের এই দলটিকে আমার ভীতসন্ত্রস্ত মনে হচ্ছে।’

হংকং-এর বিপক্ষে ৮ উইকেটে জয় দিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করলেও গ্রুপ পর্বে পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে পাকিস্তান। ভারতের কাছে ৮ উইকেটে হারার পরও এক জয়েই সুপার-ফোরে ওঠে পাকিস্তান।

সুপার-ফোরে আফগানিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ভারতের কাছে আবার ৯ উইকেটের ব্যবধানে হারে। ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল নিয়ে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান। ফাইনালে খেলতে হলে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের।

ভারতের কাছে দুই ম্যাচ হেরে পাকিস্তানিদের মনোবল তলানিতে এসে ঠেকেছে,  আর এই সুযোগটাকেই আজ কাজে লাগাতে চায় টাইগাররা। অন্যদিকে আফগানদের হারিয়ে ম্যাচের পর পাওয়া দুই দিনের বিশ্রামে চার দিনে তিনটি ম্যাচ খেলার ক্লান্তি কিছুটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। আবুধাবিতে তাই আজ স্নায়ুর সঙ্গে ফিটনেসের লড়াইটাও হতে যাচ্ছে।

আবুধাবির পিচ কিছুটা মন্থর। তাই পেসারদের তুলনায় স্পিনারদের সেখানে ভালো করা সম্ভব। এ মুহূর্তে আমেরের আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা লেগেছে। এর বাইরে পাকিস্তানিদের হাতে থাকছে লেগ স্পিনার শাদাব খান এবং রশিদ খান। তবে পাকিস্তান খানিকটা এগিয়ে থাকছে অন্য জায়গায়। আবুধাবির মাঠ, নিজেদের দেশে খেলতে না পারা দলটি গেল দশ বছর ধরে আমিরশাহিকে ঘরের মাঠ বানিয়েছে। সেখানকার পিচ, বাউন্ডারির মাপ- সবই চেনা সরফরাজদের কাছে।

পাকিস্তান দলটি ‘আনপ্রেডিক্টেবল’। তারা যে কোনো দিন যে কোনো কিছু করতে পারে। তাই টিম মিটিংয়ে আজকের একাদশে কিছু পরিবর্তন আনার পক্ষে কথা হয়েছে। ওপেনিংয়ে সৌম্য সরকারকে খেলানোর একটা সম্ভাবনা থাকছে। ২০১৫-র সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তাঁর হার না মানা ১২৭ রানের ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ-কাণ্ড সম্পন্ন করেছিল বাংলাদেশ। আফগানিস্তান ম্যাচে ৫ নম্বরে নামলেও এই ম্যাচে আবার তিনে ফিরছেন সাকিব আল হাসানও। মোহাম্মদ মিঠুনও ৫ নম্বরেই ফিরছেন। ইমরুল কায়েস থাকছেন ছয়েই। আর একাদশে আরেকটি পরিবর্তন আসাও প্রায় নিশ্চিত। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের জায়গায় তৃতীয় পেসার হিসেবে ফিরছেন রুবেল হোসেনও। সাকিবের আঙুল ফোলাটা গতকাল পর্যন্ত কমেনি। ব্যথাও ছিল বেশ। আজ সকাল পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। যদি খেলার মতো পরিস্থিতি না থাকে তাহলে মুমিনুলকে দেখা যেতে পারে সেখানে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension