
বাংলাদেশ সোসাইটির সম্মিলিত মতবিনিময় সভা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাইনুল উদ্দিন মাহবুবের যৌথ পরিচালন মতবিনিময় সভা গত সোমবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক ফারুক চৌধুরী, যুগ্ম আহবায়ক ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী ও সংগঠনের কোষাধ্যক্ষ মো. নওশেদ হোসেন, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ ও সদস্য মো. সাদি মিন্টু, সংগঠনের বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আতরাউল আলম প্রমুখ।
সভায় জানানো হয়, ইতিমধ্যে প্রায় ৪০টি সংগঠন তাদের নিজ নিজ সংগঠনের নাম নিবন্ধন করেছেন। এসময় প্রবাসের সকল সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যাতে তারা তাদের সংগঠনের নাম নিবন্ধন করেন। প্রতি বছরের মতো এবারও নিবন্ধন ফি ১০০ ডলার ধার্য করা হয়েছে। নিবন্ধন কৃত সকল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের ছবি এবং নাম ও ফোন নাম্বারসহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বিশেষ প্রকাশনীতে দেওয়া হবে। এছাড়াও যদি কেউ বিশেষ প্রকাশনীতে লেখা দিতে আগ্রহী হন তাহলে তাদেরকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করে তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন ধরনের পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবারও আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে যথাযোগ্য মর্যাদায় সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হবে।



