
বাইডেনকে ‘কিডন্যাপ’এর ভিডিও পোস্ট করে সমালোচনায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘কিডন্যাপ’র ভিডিও পোস্ট করে তোপের মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বাইডেন-সমর্থকেরা ট্রাম্পকে ‘দানব’ বলেও আখ্যা দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
শুক্রবার (২৯ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেছেন। প্রায় সাত সেকেণ্ডের ভিডিওটিতে দেখা গেছে, একটি ট্রাকের পেছনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে। ছবিতে বাইডেন হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছেন। অর্থাৎ তাকে কিডন্যাপ করা হয়েছে- এমনটাই বোঝানো হয়েছে ছবিতে। যদিও ছবিটি পুরোপুরি ড্ক্টরেট (সম্পাদিত)।
ভিডিওটি শেয়ার করে ট্রাম্প ক্যাপশন লিখেছেন, ‘৩/২৮/২৪, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক।’
এই ভিডিও পোস্ট করে বাইডেনের সমর্থকদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। বাইডেনের প্রচারণার যোগাযোগ বিষয়ক পরিচালক মাইকেল টেইলর বলেন, ‘শুক্রবার রাতে ট্রাম্পের পোস্ট করা ছবিটি তার বিরোধীদের শারীরিক ক্ষতির দিকে ইঙ্গিত করছে।’
তিনি আরও বলেন, ট্রাম্প প্রতিনিয়তই রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিচ্ছেন। এখন সময় এসেছে যেন মানুষ তাকে গুরুত্ব সহকারে নেয়। ২০২১ সালের ৬ জানুয়ারি যারা আমাদের গণতন্ত্র রক্ষায় আক্রমনের শিকার হয়েছিল সেসব ক্যাপিটল পুলিশদের জিজ্ঞেস করুন।
এ বিষয়ে ট্রাম্পের প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, ‘ছবিটি একটি পিক আপ ট্রাকের পিছনে ছিল যা হাইওয়ে দিয়ে যাচ্ছিল। ডেমোক্র্যাট ও পাগলরা শুধু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ঘৃণ্য সহিংসতার ডাক দেয়নি, তারা আসলে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’
তবে ভিডিওতে বাইডেনের ছবির উপস্থিতি নিছকই কাকতালীয় ঘটনা তা মনে হচ্ছে না। কারণ ভিডিওর শেষের দিকে বাইডেনের ডক্টরেট ছবিটি জুম করে দেখানো হয়েছে।
এদিকে ছবিটি নিয়ে অনেক টুইটার ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন। হাভার্ডের আইন বিভাগের প্রফেসর লরেন্স ট্রাইব এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘দানব’ এটা পোস্ট করেছে। ট্রাকের পেছনে প্রেসিডেন্ট বাইডেনের হাত পা বাঁধা একটি ছবি। তিনি (ট্রাম্প) প্রেসিডেন্টকে হুমকি দিচ্ছেন। এটি একটি অপরাধ। অন্য কেউ এটা করলে, তাকে গ্রেফতার করা হতো। এখন কী করা হবে?
ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান সিএনএন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক জুলিয়েট কায়েম লিখেছেন, ‘ট্রাম্প সবকিছু ফেলে সহিংসতাকে কৌশল হিসেবে নিয়েছেন।’



