
বাজপেয়ীর নামাঙ্কিত হল ক্রিকেট স্টেডিয়াম
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত স্টেডিয়ামেই মঙ্গলবার খেলতে নামবেন রোহিতরা৷ সোমবার উত্তরপ্রদেশ সরকার একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করেন প্রয়াত প্রধানমন্ত্রীর নামে৷
আড়াই দশক পর ফের নবাবের শহরে বসছে আন্তর্জাতিক ক্রিকেট৷ মঙ্গলবার বাজপেয়ী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ৷ ২৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটকে ঘরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে৷ ভারতরত্ন বাজপেয়ী উত্তরপ্রদেশের রাজধানী শহর থেকেই প্রথম সংসদে পা-রেখেছিলেন৷ নতুনভাবে সেজে ওটা একানা ক্রিকেট স্টেডিয়ামকে তাই বাজপেয়ীর নামে করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার৷
রবিবার ইডেন ম্যাচ খেলে সোমবারই শহরে পৌঁছেছে দুই দল৷ বাইশ গজেও এখন দিওয়ালি ম্যানিয়া৷ দিওয়ালির রোশনায় অপেক্ষায় দেশ৷ তবে আড়াই দশক পর নবাবের শহরে বড় রানের প্রতিশ্রুতি দিতে পারছে না বাজপেয়ী স্টেডিয়ামের বাইশ গজ৷ স্থানীয় পিচ কিউরেটরের দাবি, ১৩০ রান তাড়া করাও কঠিন হবে৷ তিনি বলেন, ‘ম্যাচে প্রচুর রান হবে এমনটা নয়৷ পিচের দুই প্রান্তেই ঘাস রয়েছে৷ ক্র্যাক থাকায় স্পিনাররাও সুবিধা পাবে৷ এই পিচে বড় শট খেলা সহজ হবে না৷ মনে হয় না ১৩০ রান তাড়া করা সহজ হবে৷’
অর্থাৎ ইডেনের মতোই বাজপেয়ী স্টেডিয়ামের পিচেও টি-২০ ধামাকা দেখার সম্ভাবনা কম৷ রবিবার ইডেনে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ রান তাড়া করতে গিয়ে এক সময় ম্যাচ হারের ভ্রুকুটি ছিল রোহিতদের৷ কিন্তু দীনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নেয় ভারত৷



