
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বাম সাংসদ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এবার পঞ্চায়েত নির্বাচনের জঙ্গলমহলে ভালো ফল করেছে বিজেপি৷ সেই ধারা অব্যাহত রেখে ফের জঙ্গলমহলে সাফল্যের মুখ দেখল নরেন্দ্র মোদীর দল৷ জঙ্গলমহলে আরও কিছুটা হলেও তারা বাড়িয়ে নিল নিজেদের শক্তি৷
জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়া৷ সেই জেলার হেভিওয়েট ফরওয়ার্ড ব্লক নেতা নরহরি মাহাতোকে নিজেদের দিকে টেনে নিল বিজেপি৷ বৃহস্পতিবার কলকাতায় তিনি যোগদান করলেন মোদী ব্রিগেডে৷
এদিন তাঁর হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ অন্যরা৷
পুরুলিয়ায় নরহরি মাহাতো যথেষ্ট পরিচিত নাম৷ দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত৷ ২০০৬ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে তিনি সাংসদ হন৷ ২০০৯ সালে আবার ওই কেন্দ্র থেকে জেতেন৷ তবে ২০১৪ সালে আর তিনি জিততে পারেননি৷ সেবার তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতোর কাছে তিনি হেরে যান৷
আট বছর সাংসদ হিসেবে নয়াদিল্লি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন নরহরি মাহাতো৷ লোকসভায় তিনি ফরওয়ার্ড ব্লকের দলনেতা ছিলেন৷ সংসদে একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি৷



