
বিজয়ের মাসেমুক্তিযুদ্ধ
বিজয়ের দিনলিপি- ২১ ডিসেম্বর ১৯৭১
পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি ভুট্টো রাওয়ালপিন্ডির এক নৈশভোজে বিদেশি সাংবাদিকদের বলেন যে শেখ মুজিব এখনও কারাগারে রয়েছেন, শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে এবং গৃহবন্দী করে রাখা হবে।
পোল্যান্ডে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবুল বশিরুল আলম বাংলাদেশের পক্ষে আনুগত্য ঘোষনা করেন। কয়েক ডজন পোলিশ সাংবাদিকের উপস্থিতিতে তিনি তাঁর বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের কারণে প্রায় দুই কোটি উদ্বাস্তু দেখা দিয়েছে বলে এতদ্বিষয়ক কর্মরত বৃটিশ সংস্থাগুলো জানায়। ভারতে আশ্রয় গ্রহণকারী উদ্বাস্তুর সংখ্যা মিলে সর্বমোট উদ্বাস্তু হয়েছে তিন কোটি মানুষ।
মুক্তিবাহিনীর কমান্ডার প্রধান কর্নেল এমএজি ওসমানী ঢাকায় পৌঁছেন।
কোলকাতায় বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতিনিধি ডিপি ধরের সঙ্গে উদ্বাস্তু প্রত্যাবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুমান করা হয় এ বাবদ ব্যয় হবে ১০ কোটি পাউন্ড।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে ইংরেজি থেকে অনূদিত-মুখা।



