
বিশাল জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু টাইগারদের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিশাল জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল টাইগার যুবারা। ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশের বিপক্ষে ১৪৬ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও অনিক। দলীয় ৯১ রানে ২৬ রান করে বিদায় নেন অনিক। এরপরেও তামিম ঝড় চলতে থাকে। ৭৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় দ্রুত গতিতে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে সেঞ্চুরির বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তামিম। দলীয় ১৪৯ রানের মাথায় ১৯তম ওভারে ১০২ রান করে ফিরে যান তামিম। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ৩৮৮ রান।
৪০ বলে ৫২ রান করেন তৌহিদ হৃদয়। শাহাদত হোসেন ৫১ বলে ৫৭* ও ইমন ৪৮ রানের ইনিংস খেলেন। এছাড়াও শেষদিকে শামিমও ১৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।
জবাবে টাইগারদের ৩৮৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ৯১ রানেই পাঁচ উইকেট হারায় তারা। ইনিংসের মাঝ পথে বৃষ্টি নামলে ৪৫ ওভারে স্বাগিতকদের লক্ষ্য দাড়ায় ৩৪৪ রানে। শেষ পর্যন্ত ৪৫ ওভারে ৭ উইকেটে ১৯৭ রান করতে সক্ষম হয় ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশ। ফলে ১৪৬ রানের দুর্দান্ত জয় পায় সফরকারীরা।
সফরকারী বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ও হাসান মুরাদ দুটি করে উইকেট লাভ করেন। তাছাড়া অভিষেক দাস, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় পান একটি করে উইকেট।



