
বুথ ফেরৎ সমীক্ষা:বাংলায় এবার পাপড়ি মেলতে চলেছে পদ্ম৷
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বাংলায় এবার পাপড়ি মেলতে চলেছে পদ্ম৷ বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষায় ইঙ্গিত এমনটাই৷ পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৬ থেকে ২৩টি আসন৷
৪২-এ ৪২-এর ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী৷ কিন্তু বুথ ফেরৎ সমীক্ষার প্রবণতা সত্যি হলে সে গুড়ে বালি৷ ৪২ তো দূর, তিরিশের ঘরেও পৌঁছতে পারবে না জোড়াফুল শিবির৷ ২০১৪-র তুলনায় প্রায় ৬ থেকে ১০টি আসন কমতে চলেছে তৃণমূল কংগ্রেসের৷
এবার সাত দফায় ভোট হয়েছে৷ ১১ই এপ্রিল থেকে ১৯ শে মে পর্যন্ত ভোটের দিনগুলিতে এই সমীক্ষা করা হয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমগুলির৷ সেখানে জানানো হয়েছে, দেশের প্রায় এক লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে৷
এবিপি নিউজের সমীক্ষা:
মমতার বাংলায় এবার উড়বে গেরুয়া আবীর৷ পাঁচ বছরে বহরে বেড়ে ২ থেকে তাদের আসন হতে পারে ১৬৷ তৃণমূল পাবে ২৪টি আসন৷ কংগ্রেস ৪ থেকে কমে থামবে ২-য়ে৷ একদা বাম দুর্গ পশ্চিমবঙ্গে বামেরা একটিও আসন পাবে না৷

টাইমস নাও-য়ের সমীক্ষা:
৩৪ থেকে কমে রাজ্যের শাসক দলের আসন দাঁড়াবে ২৮টিতে৷ বিজেপি পৌঁছাবে দুই অঙ্কের ঘরে৷ তাদের আসন হতে পারে ১১টি৷ এবিপির মত টাইমস নাও-ও কংগ্রেসকে দিয়েছে ২টি আসন৷ অন্যদিকে বামেরাও জিততে পারে ১টি আসন৷

এনডিটিভি-র সমীক্ষা:
তৃণমূল পেতে পারে ২৬টি আসন৷ যা গতবারের তৃণমূলের লোকসভা আসনের তুলায় ৬টি কম৷ বিজেপি পেতে পারে গতবারের তুলনায় ১২টি বেশি আসন৷ তাদের প্রাপ্তি হতে পারে ১৪টি আসন৷ বামেদের আসন না দেওয়া হলেও হাত শিবির পাবে ২টি আসন৷

এছাড়া ইন্ডিয়া টুডে-র সমীক্ষাতেও বাংলায় এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে৷ অমিত শাহ দাবি করেছিলেন বাংলা থেকে পদ্ম শিবির পাবে ২৩টি আসন৷ ইন্ডিয়া টুডে-র সমীক্ষাতে সেই সংখ্যা মিলে যেতে পারে৷ ৪২টির মধ্যে বিজেপি পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন৷ তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৯ থেকে ২২ আসন৷ কংগ্রেস পেতে পারে শূণ্য থেকে একটি আসন৷
২০১৪ সালে দেশ জুড়ে ছিল মোদী ম্যাজিক৷ কিন্তু বাংলাতে তার প্রভাব পড়েনি৷ উলটে ৩৪টি আসন নিয়ে পশ্চিমবঙ্গে জোড়াফুলের দাপট দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷ তবে পাঁচ বছর পর চাকা ঘুরতে চলেছে৷ ২ থেকে অনেকটাই বাড়ছে বিজেপির আসন৷ তবে হাতের মুঠো আলগা হচ্ছে৷ ধার প্রায় ভোঁতা হতে পারে কাস্তে হাতুড়িরও৷ বুথ ফেরৎ সমীক্ষাতে সেই ইঙ্গিতই মিলছে৷
বুথ ফেরৎ সমীক্ষাকে ‘রটনা’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে তিনি লিখেছেন, এই ধরনের সমীক্ষা আসলে ‘গসিপ’। তাঁর মতে, এই ধরনের রটনার মাধ্যমে হাজার হাজার EVM-কে প্রভাবিত করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়েছেন যাতে সবাই একজোট হয়ে থাকে। তাঁর কথায়, ‘লড়াইটা আমাদের একসঙ্গে লড়তে হবে।’
অন্যদিকে মুকুল রায় জানিয়েছেন, ফের কেন্দ্রে ক্ষমতায় আসছেন মোদী এবং বাংলায় ভাল ফল করবে বিজেপি৷



