
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সেপ্টেম্বর মাস থেকে একের পর এক পুরসভার মেয়াদ শেষ হচ্ছে৷ ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে ১৭টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে৷ কিন্তু ওই পুরসভাগুলির নির্বাচন কবে হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷

আর সেই ধোঁয়াশাকেই সামনে এনে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অধীররঞ্জন চৌধুরী৷ বুধবার বহরমপুরে কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি পুরসভা ভোট নিয়ে শাসক শিবিরকে একহাত নেন৷
বহরমপুরের কংগ্রেস সাংসদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধোয়া তুলসিপাতা প্রমাণ করতে মরিয়া৷ তাই তিনি নির্বাচন বন্ধ করে রেখেছেন৷ এভাবে মমতা নিজের মেক ওভার করছেন বলেও মন্তব্য করেন অধীর৷ তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস নিজেদের ভাবমূর্তি রক্ষার্থে পুরসভা ভোট পিছিয়ে দিচ্ছে৷
পুরসভা ভোট হলে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবে, কেন এমন মনে করছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন অধীর চৌধুরী৷
তাঁর কথায়, তৃণমূলের দশটা নেতা৷ দশটা নেতার দশটা তালিকা৷ ফলে কে প্রার্থী হবে, ভোট ঘোষণা হলেই তা নিয়ে কোন্দল তৈরি হবে৷ সেই কোন্দল ঘিরে পঞ্চায়েতের মতো আবার অশান্ত হয়ে উঠবে রাজ্য৷

অধীর চৌধুরীর দাবি, তৃণমূল নেতারা বোমা-পিস্তল মজুত করেই রেখেছে৷ ভোট ঘোষণা হলেই নিজেদের মধ্যে লড়াই নেমে পড়বে৷ আর তাতেই অশান্তি ছড়াবে৷
তাঁর মতে, সেই অশান্তি ঠেকাতেই তৃণমূল কংগ্রেস ভোট পিছিয়ে দিচ্ছে৷ আর পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে আগে নিজেদের প্রার্থী ঠিক করে নিচ্ছে৷

কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা কেন করছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন অধীর চৌধুরী৷ জানিয়েছেন, সামনে লোকসভা ভোট৷ তার আগে পুর-নির্বাচন ঘিরে রাজ্যে অশান্তি ছড়ালে লোকসভা ভোটে প্রভাব পড়বে৷



