
ভারতের বিরুদ্ধে দলে ফিরলেন ব্র্যাভো, পোলার্ড
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন ড্যারেন ব্রাভো, পোলার্ড৷ ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই৷ সেই টি-টোয়েন্টি সিরিজেই ক্যারিবিয়ন দলে ডাক পেলেন কুড়ি ওভারের ক্রিকেটে স্পেশালিস্ট ব্রাভো ও কাইরন পোলার্ড৷ ফলে কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে ক্রিকেটমহল৷
প্রায় দু’বছর পর জাতীয় দলে ডাক পেলেন ব্র্যাভো৷ শেষবার ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে ম্যাচ খেলেন এই ব্যাটসম্যান৷ অন্যদিকে একবছর পর জাতীয় দলে খেলার সুযোগ পেলেন পোলার্ড৷ সোমবার ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ৷
ভারতের বিরুদ্ধে ক্যারিবয়ান ওয়ান ডে দলকে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার৷ চোটের কারণে কোহলিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেননি হোল্ডার৷দ্বিতীয় টেস্টে অবশ্য ফিট হয়ে খেলবেন বলে জানা গিয়েছে৷ টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাথওয়েট৷ ২০১৬ সালে ভারতের ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে চারটি ছয় হাঁকিয়ে ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ব্রাথওয়েট৷
অন্যদিকে ক্যারিবিয়ান স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ তারকাদের৷ একঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে৷ শুধু টি-২০ স্কোয়াডে পোলার্ড ও আন্দ্রে রাসেলের উপস্থিতি আলাদা করে চোখ টানছে৷ ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুই দলেই নেই তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল৷ নেই তারকা অল-রাউন্ডার ডোয়েন ব্রাভো৷
জামাইকার হয়ে শেষ লিস্ট-এ ক্রিকেটে খেলে ফেলা গেইল ব্যক্তিগত কারণে ভারত সফরে আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ আফগানিস্তান প্রিমিয়র লিগে খেলার জন্যই ভারত সফর থেকে দূরে সরে থাকলেন তিনি৷ তবে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরবর্তী ওয়ান ডে সিরিজগুলি খেলবেন বলে শোনা যাচ্ছে৷ সীমিত ওভারের দুই সিরিজেই ডাক পাননি অলরাউন্ডার ডোয়েন ব্রাভো৷
ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে স্কোয়াড: জেসন হোল্ডার (ক্যাপ্টেন), ফ্যাবিয়ান অ্যালেন, সুনীল অ্যাম্ব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেতমায়ের, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কীমো পল, রোভম্যান পাওয়েল, কোমার রোচ, মার্লন স্যামুয়েলস, ওশান থমাস৷
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড:কার্লোস ব্রাথওয়েট (ক্যাপ্টেন), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, শিমরন হেতমায়ের, এভিন লুইস, ওবেদ ম্যককয়, অ্যাশলে নার্স, কীমো পল, খারি পিয়ের, কায়রন পোলার্ড, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওশান থমাস৷



