প্রধান খবরভারত

ভিনরাজ্য থেকে লোক ঢুকছে! রাজনাথকে অভিযোগ মমতার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পঞ্চায়েত ভোট থেকে পঞ্চায়েতে বোর্ড গঠন, জঙ্গলমহল পুরুলিয়া এলাকায় হিংসা ছড়িয়েছে৷ তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে একাধিক৷ এহেন ঝামেলায় রাজ্যের শাসকদল বারবারই অভিযুক্ত করেছে গেরুয়া শিবিরকে৷ ‘‘বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে এরাজ্যে ঝামেলা পাকাচ্ছে বিজেপি৷ বিজেপির এ রাজ্যে সংগঠন নেই, তাই বাইরে থেকে লোক এনে গণ্ডোগোল করে চমকানো হচ্ছে রাজ্যের মানুষকে৷’’ – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী বিজেপির দিকে বারবারই এই অভিযোগ ছুঁড়ে দিয়েছেন৷ সোমবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে ফের একই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা৷

সোমবার নবান্নে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ নবান্ন সভাঘরে এদিনের বৈঠকে রাজনাথ মমতা ছাড়াও হাজির ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী ও ওড়িশার অর্থমন্ত্রী। এদিনের বৈঠকে একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়৷ তার মধ্যে উল্লেখযোগ্য রোহিঙ্গা ও এনআরসি ইস্যু বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজনাথ সিং৷ এরপর রাজনাথ-মমতা একান্তে বৈঠক করেন৷

সম্ভাবনা আগেই ছিল৷ সেই সম্ভাবনাকে উসকে দিয়েই রাজনাথ-মমতার এই একান্তে বৈঠক৷ সূত্রের খবর, এই একান্ত বৈঠকেই মমতা রাজনাথকে জানান, রাজ্যে বহিরাগতরা ঢুকে ঝামেলা পাকাচ্ছে৷ বিষয়টি তদন্তের আশ্বাস দেন রাজনাথ বলেও জানা গেছে৷ শুধু তাই নয়, মমতার অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা হচ্ছে৷ সেটাও দেখা উচিত৷ এছাড়াও রাজনাথ-মমতার এই একান্ত বৈঠকে স্থান পায় এনআরসি ইস্যুও৷

এনআরসি নিয়েও এর আগেও মমতাকে আস্বস্থ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এদিন ফের একবার একই ইস্যুতে আলোচনা হয় দুজনের৷ তবে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই সূত্রের খবর৷

এদিকে এরই মাঝে ৬ অক্টোবর ইসলামপুরে সভা করবে বলে মনস্থির করেছে বিজেপি। এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের জানান, ইসলামপুরের সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। ইসলামপুরে যেতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। তবে তিনি কবে যাবেন তা এখনও ঠিক হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension