
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার বৃহত্তম গ্যাসোলিন কারখানার উৎপাদন বন্ধ
ভেনিজুয়েলার বৃহত্তম গ্যাসোলিন কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। মূলত অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের একটি ইউনিট ভেঙে যাওয়ায় গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর রয়টার্স।
সূত্র জানায়, ফ্লুইড ক্যাটালিটিক ক্র্যাকার (এফসিসি) ভাঙনের কারণে প্যারাগুয়ানা উপদ্বীপে অমুয় শহরে দেশের বৃহত্তম শোধনাগারের উৎপাদন বন্ধ রয়েছে।
ওই কারখানা থেকে প্রতিদিন ৬ লাখ ৪৫ হাজার ব্যারেল গ্যাসোলিন পাওয়া যায়।
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় জ্বালানি তেল সংস্থা পিডিভিএসএর তেল পরিশোধন মন্থরগতিতে চলছে। সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ আমেরিকার ওপেকভুক্ত দেশটিতে মাঝে মাঝেই জ্বালানি ঘাটতি দেখা যাচ্ছে।
তবে অমুয় শহরের এফসিসি ইউনিট নিয়ে কোনো মন্তব্য করেনি পিডিভিএসএ।
ভেনিজুয়েলার শোধনাগারগুলোয় ঘন ঘন বিভ্রাটের ঘটনা ঘটে। সিস্টেমের ব্যর্থতা ও সরবরাহের অভাবে দেশটির জ্বালানি উৎপাদন ব্যাহত হয়।



