
মণিপুরে দুই মাস পর স্কুল খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুই মাস পর স্কুল খুলছে ভারতের মণিপুরে। আগামীকাল ৫ জুলাই থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সোমবার তিনি জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৫ তারিখ থেকে স্কুলে যেতে পারবে। মণিপুরে অশান্তির জেরে মে মাস থেকে স্কুল বন্ধ ছিল।
সোমবার সংবাদ সম্মেলন করে বুধবার থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছেন বীরেন। তবে মণিপুরে এর আগেও স্কুল খোলার চেষ্টা করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে স্কুল খোলার দিন ঘোষণা করার পরও নির্ধারিত দিনে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দিন পিছিয়ে দিতে হয়।
তবে বীরেন সোমবার জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের কৃষকদের নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাহাড় ও উপত্যকা এলাকায় জনজীবন স্বাভাবিক হচ্ছে।
সোমবারই মণিপুরের এনএইচ-২ বা ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়ক থেকে দুই মাসব্যাপী অবরোধ তুলে নিয়েছিল কুকিরা।
তারা জানিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে শান্তি স্থাপনের আর্জি জানানোর পর অবরোধ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় সড়কে আবার স্বাভাবিক হয়েছে যান চলাচল।
মণিপুরে দুই মাস ধরে চলা ধারাবাহিক সহিংসতায় নিহতের সংখ্যা অনেক আগেই ১০০ পার করেছে। ঘরছাড়া রয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেও পরিস্থিতিতে বদল আসেনি।
গত ৩ মে মণিপুরের আদিবাসী ছাত্রসংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুরের (এটিএসইউএম) বিক্ষোভ-মিছিল ঘিরে উত্তর-পূর্বের ওই রাজ্যে অশান্তির সূত্রপাত। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি আদিবাসীর মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিলেন। এর পরই আদিবাসী সংগঠনগুলো তার বিরোধিতায় পথে নামে। দীর্ঘ অশান্তির পর অবশেষে ছন্দে ফিরছে উত্তর-পূর্বের রাজ্যটি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা



