
‘মমতার সরকার দুর্নীতিতে যুক্ত’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেসব আসনগুলি শাসকদল জিতেছে, সেগুলি নিয়ে ভাবনা চিন্তা করছে বিজেপি৷ সোমবার দলীয় এক কর্মসূচিতে জলপাইগুড়ি এসে এ কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা৷ শুধু তাই নয়, বুথ আটকে যেসব এলাকায় নির্বাচন হয়েছে সেগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷ কেন্দ্রীয় এই মন্ত্রীর অভিযোগ, মমতার সরকার দুর্নীতিতে যুক্ত৷ রাজ্যের উন্নয়ন নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও মাথা ব্যথাই নেই৷
সোমবার দুপুরে জলপাইগুড়ি চার নম্বর ঘুমটি এলাকায় একটি ভবনে বিজেপি মণ্ডল সভাপতি-সহ অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা৷ মূলত লোকসভা ভোটকে পাখির চোখ করেই এই বৈঠক৷ লোকসভা নির্বাচনে দলীয় নেতা-কর্মীরা কীভাবে কাজ করবে সেই পরামর্শ দেওয়া হয়। বৈঠক শুরু হওয়ার আগে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় দলের পক্ষ থেকে। এরপর প্রদীপ জ্বালিয়ে দলীয় বৈঠকের সূচনা করেন মন্ত্রী৷
মন্ত্রী জে পি নাড্ডা বলেন, ‘‘দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে খুবই ভাল লাগল৷ প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন৷ পশ্চিমবঙ্গে মমতার সরকার দুর্নীতিতে যুক্ত৷ রাজ্যের বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে৷ সঙ্গে নিচ্ছে পুলিশকে৷ রাজ্যের বিরোধীদের কীভাবে আটকানো যায় এই কাজই চালিয়ে যাচ্ছে৷’’
নাড্ডা বলেন, ‘‘আমাদের বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টিতে প্রচুর মানুষ যোগদান করবেন৷’’ আর যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বুথ আটকে শাসকদল জয়ী হয়েছে সেখানেও ব্যবস্থা করা হচ্ছে। এবার তো কেন্দ্রীয়বাহিনী থাকবে, জানান তিনি৷



