
নুশরাত রুমু
মা! মাগো!
শুরু হলো নিষ্ঠুর পৃথিবীতে
তুমিহীন পথচলা।
ফজর সালাত আদায়ে
শুনবো না তোমার ডাক।
শূন্য খাটের এক কোণে জায়নামাজ আর
চশমার অপাংক্তেয় উপস্থিতি।
পাখির ডাকে এখন আর পুলক জাগে না।
পুবের সূর্যে অনুজ্জ্বল মলিন হাসি,
ভোরের বাতাসে বিষণ্ণতা ছড়ায়
তোমার স্মৃতিগুলো।
ঘরে, উঠোনে, ছাদে কিংবা বাগানে,
কোথাও শুনি না চেনা পায়ের শব্দ।
তোমার বিয়োগের অসহ্য ব্যথা
হৃদয়ে বাজে প্রতিটি ক্ষণে…



