
মাদুরোর সঙ্গে কাজ করার ঘোষণা জাতিসংঘের
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন স্বীকৃত সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশটির স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা জানিয়ে বলেন, মানবিক দিকে বিবেচনা করে ভেনিজুয়েলায় জাতিসংঘ তার কার্যক্রম বাড়াতে প্রস্তুত কিন্তু এজন্য দেশটির সরকারের সহযোগিতা ও সম্মতি প্রয়োজন রয়েছে।
গত সপ্তাহে গুইদো জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান যাতে তিনি তার দেশে জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনার আবেদন জানান। নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর তিনি এই চিঠি পাঠান।
গুইদোর এ পদক্ষেপ দেশটিতে মারাত্মক সংকট তৈরি করেছে। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার পরপরই মার্কিন সরকার তাকে স্বীকৃতি দেয়। তবে রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।
এখনো দেশটিতে সংকট চলছে। শেষ পর্যন্ত নতুন নির্বাচনের ঘোষণা দিতে মাদুরো বাধ্য হবেন কি না তা নিশ্চিত নয়। তবে নির্বাচন না দিতে শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন তিনি।



