যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিক্ষোভ দমনে সেনা মোতায়েনে বিরোধিতা

প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, বর্ণবাদী অন্যায়, অবিচার এবং ফ্লয়েডের মৃত্যু নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতা প্রশমনে সেনা মোতায়েন করাকে তিনি সমর্থন করেন না। সেনা মোতায়েনের পরিস্থিতি হয়নি বলেও তিনি মন্তব্য করেন

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কারফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ নবম দিনের মতো বিক্ষোভ করেছেন।

নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত শহরগুলোয় তারা ব্যাপক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের দমনে সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে তিনি মন্ত্রিত্ব হারাতে বসেছেন।

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের গ্রেফতারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে, আমেরিকার বর্ণবাদবিরোধী বিক্ষোভ ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। ‘ব্ল্যাক লাইভ ম্যাটার্স’ বিক্ষোভে উত্তাল লন্ডনে ১৩ জনকে আটক করা হয়েছে।

নিউ ইয়র্কে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়েছে। এ সময় অন্তত ২০০ জনকে আটক করা হয়। তবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ শহরেই বিক্ষোভ ছিল শান্তিপূূর্ণ। হোয়াইট হাউসের কাছে অবস্থান নেন হাজার হাজার মানুষ। পুলিশি নির্যাতন বন্ধের পাশাপাশি বিদ্বেষমূলক আচরণ বন্ধের দাবি জানান তারা।

মিনেসোটার মিনিয়াপোলিস শহরে ফ্লয়েডের অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। ফুলেল শ্রদ্ধা, ভালোবাসার বার্তায় ভাসছে পুরো চত্বর। ২৫ মে এখানেই পুলিশের বর্বরতায় প্রাণ হারান তিনি।

ফ্লয়েডের ছেলে বলেন, বাবার হত্যাকারীর বিচার চাই। আর কোনো সন্তান যেন তার বাবাকে এভাবে না হারায়। যারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, তাদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা।

ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে ধারাবাহিকভাবে চলা বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

বুধবার এসপার বলেছেন, বর্ণবাদী অন্যায়, অবিচার এবং ফ্লয়েডের মৃত্যু নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতা প্রশমনে সেনা মোতায়েন করাকে তিনি সমর্থন করেন না। সেনা মোতায়েনের পরিস্থিতি হয়নি বলেও তিনি মন্তব্য করেন পেন্টাগনের প্রধান এসপার।

পেন্টাগনে এক বক্তব্যে এসপার বলেন, একমাত্র শেষ উপায় হিসেবেই সামরিক বাহিনীকে আইন প্রয়োগকারী বাহিনীর ভূমিকায় নামানোর বিকল্প পথ অবলম্বন করা উচিত। পরিস্থিতি খুবই গুরুতর এবং ভয়াবহ হলেই শুধু তা করা যেতে পারে। এখন আমরা সেরকম কোনও পরিস্থিতিতে পড়ি নি। ফলে ‘ইনসারেকশন অ্যাক্ট’ (যে ফেডারেল আইনে প্রেসিডেন্ট সেনা মোতায়েনের ক্ষমতা রাখেন) এর শরণাপন্ন হওয়াটা সমর্থন করেন না।

হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পর ওয়াশিংটন ডিসি থেকে কমব্যাট সেনা প্রত্যাহার করতে আদেশ দিয়েছেন এসপার। ফ্লয়েড হত্যাকে এক ‘ভয়ংকর অপরাধ’ বলেও তিনি বর্ণনা করেন। এসপার বলেন, ফ্লয়েডকে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের জবাবহিদির মুখে দাঁড় করানো উচিত।

২৫ মে মিনেসোটার মিনেপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাঁটুর চাপে দমবন্ধ হয়ে ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক সপ্তাহ চলতে থাকা উত্তাল সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে এসপার এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প দু’দিন আগেই বিক্ষোভ দমনে সেনা নামানোর হুমকি দিয়েছিলেন। বড় বড় শহরে লাগাতার সহিংস বিক্ষোভ ও লুটপাট ‘তাৎক্ষণিকভাবে’ বন্ধের অঙ্গীকার করেছিলেন তিনি।

অঙ্গরাজ্যের গভর্নররা ন্যাশনাল গার্ড মোতায়েনে রাজি না হলে ট্রাম্প নিজেই সেনাবাহিনী মোতায়েন করবেন বলেও হুশিয়ারি দেন। তিনি বলেছিলেন, যদি কোনও শহর বা অঙ্গরাজ্য বাসিন্দাদের জানমালের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমিই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোতায়েন করে তাদের হয়ে দ্রুত সমাধান এনে দেব।

এর বিপরীতে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার দেশের নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করেছেন। তিনি বলেন, এ অধিকার এবং স্বাধীনতাই আমাদের দেশের বিশেষত্ব। আমেরিকার সেনা সদস্যরা এ অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করে মরতেও ইচ্ছুক। ⛘

এপি, সিএনএন ও রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension