
মালদ্বীপে ধূমপান নিষিদ্ধ করে ‘যুগান্তকারী আইন’ পাস
মালদ্বীপে কার্যকর হলো বিশ্বে নজিরবিহীন ধূমপান নিষেধাজ্ঞা। দেশটির সরকার ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো নাগরিক বা বিদেশি দর্শনার্থীর জন্য তামাকজাত পণ্য কেনা, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আইনটি আজ থেকেই কার্যকর হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দ্য গার্ডিয়ান জানায়, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর উদ্যোগে পাস হওয়া এই আইনের লক্ষ্য একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ তৈরি করা এবং জনস্বাস্থ্য রক্ষা করা।
কঠোর বিধিনিষেধ
২০০৭ সালের পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে তামাকজাত পণ্য কিনতে, ব্যবহার করতে বা বিক্রি করতে পারবে না।
বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক।
এই নিষেধাজ্ঞা কেবল স্থানীয় নয়, বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
দেশটিতে ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রি, বিতরণ ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।
শাস্তির বিধান
অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া (প্রায় ৪ লাখ টাকা) পর্যন্ত জরিমানা, আর ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে ৫ হাজার রুপিয়া (প্রায় ৪০ হাজার টাকা) জরিমানা করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ মালদ্বীপকে বিশ্বের প্রথম দেশগুলোর কাতারে রেখেছে যারা প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করতে পেরেছে। যুক্তরাজ্যে এমন আইন এখনো সংসদীয় প্রক্রিয়ায় রয়েছে, আর নিউজিল্যান্ড ২০২৩ সালে এ ধরনের আইন বাতিল করে।
এই আইনের মাধ্যমে মালদ্বীপ স্পষ্ট বার্তা দিয়েছে— জনস্বাস্থ্যের স্বার্থে তামাকের যুগের ইতি টানতে চায় তারা।



