প্রধান খবরযুক্তরাষ্ট্র

মাস্কের মেইলের জবাব দিতে কর্মীদের নিষেধ করেছে একাধিক মার্কিন সংস্থা

ইলন মাস্কের ইমেইলের জবাব দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই বলে কর্মীদের জানিয়েছে মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ কিছু অধিদফতর। গত শনিবার মাস্কের নেতৃত্বে পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগের (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) পক্ষ থেকে পাঠানো এক মেইলে বিগত সপ্তাহের দাফতরিক অর্জনে অবদান জানাতে বলা হয় কর্মীদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গোয়েন্দা সংস্থা এফবিআই, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান কার্যালয় তাদের কর্মীদের ওই মেইলের জবাব না দেওয়ার নির্দেশনা দিয়েছে। আর কিছু সংস্থা কর্মীদের বলেছে মেইলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে।

সোমবার মাঝরাতের মধ্যে মেইলের জবাব না দিলে কর্মীরা চাকরি ছেড়ে দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন মাস্ক। এই বিষয়ে এখনও মুখ খোলেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুপক্ষের পাল্টাপাল্টি নির্দেশনায় বিভ্রান্তিতে পড়েছেন সরকারের হাজারো কর্মী।

শনিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক বলেন, কিছুক্ষণের মধ্যে একটি মেইল পেতে যাচ্ছেন সরকারি কর্মীরা। মেইলের জবাবে তাদের জানাতে হবে, বিগত এক সপ্তাহে কর্মক্ষেত্রে তারা কী অবদান রেখেছেন।

মেইলের একটি কপি যাচাই করেছে বিবিসি। সেখানে বলা হয়েছে, দাফতরিক গোপন তথ্য ফাঁস না করে পাঁচ পয়েন্টে কর্মীরা যেন তাদের এক সপ্তাহের অর্জন তুলে ধরেন।

মার্কিন সরকারের মানব সম্পদ সংস্থা দ্য অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) নিশ্চিত করেছে, মেইলটি আসল।

এদিকে, এফবিআইয়ের নবনিযুক্ত পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, এফবিআই কর্মীরা ওপিএমের কাছ থেকে কিছু তথ্য দেওয়ার অনুরোধ পেয়েছে। তবে এতে এখনই সাড়া দেওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেছেন, আমাদের পর্যালোচনার দায়িত্ব আমরাই নেব। এফবিআইয়ের প্রক্রিয়া মেনেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

প্রায় একই ধরনের বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, মন্ত্রণালয়ের চেইন অব কমান্ডের বাইরে নিজেদের কাজের কৈফিয়ত দিতে কোনও কর্মী বাধ্য নন। তাদের পক্ষ থেকে নেতৃস্থানীয় পর্যায় হতে জবাব দেওয়া হবে।

এছাড়া, পেন্টাগন তার কর্মীদের বলেছে, যদি প্রয়োজন হয়, ওপিএমের মেইলের জবাব পেন্টাগনের তরফ থেকে দেওয়া হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রায় একই ধরনের নির্দেশনা দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডেরাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension