
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা
মিয়ানমারের ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার ওপরেও। এ দুই দেশের মধ্যকার অস্ত্র বাণিজ্য ঠেকাতে নতুন এ পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ওই দুই দেশের পাঁচ কর্মকর্তা ও এক প্রতিষ্ঠান। মিয়ানমারের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর কোরিয়ার কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র আমদানি করছেন। সেই সঙ্গে দেশটির সহযোগিতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি জন কে হার্লি বলেন, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি। এ কারণে এ নেটওয়ার্ক ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র।
বিবৃতি অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মিয়ানমারের রয়্যাল শিউন লেই কোম্পানি লিমিটেড, এর পরিচালক অউং কো কো উ; দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তিন মিও অউং। এ ছাড়া উত্তর কোরিয়ার কোম্পানিটি কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উংর ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর কোরিয়ার কোম্পানি কোমিড (কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন) মিয়ানমারের সামরিক সরকারের কাছে অস্ত্র বিক্রি করে। তাদের মধ্যে অস্ত্র চুক্তি রয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে সামরিক বাহিনী। তখন থেকে দেশটির জনগণ প্রতিবাদ জানিয়ে আসছেন। এতে তাদের ওপর জান্তা সরকার নির্বিচারে বিমান ও কামান দিয়ে হামলা চালিয়ে আসছে। স্কুল, ধর্মীয় স্থান, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামোতে হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পদক্ষেপ মিয়ানমারের অস্ত্র কেনা ব্যাহত করবে; সেই সঙ্গে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ তহবিল প্রবাহকে বন্ধ করে দেবে।
রয়্যাল শিউন লেই কোম্পানি লিমিটেড (রয়্যাল শুন লেই) হলো মিয়ানমারের একটি অস্ত্র ক্রয়কারক কোম্পানি, যারা ২০২২ সালে দেশটির হয়ে সামরিক বাহিনীর জন্য উত্তর কোরিয়ার কোমিডের সঙ্গে প্রথম অস্ত্র চুক্তি করে। কোমিডের কাছ থেকে অস্ত্র ক্রয় সহজতর করতে ২০২৩ সালে কোমিড প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে রয়্যাল শিউন লেইর কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত এবং সিইও টিন মিয়ো অং চীন ভ্রমণ করেন। রয়েল শিউন লেইর কর্মী উত্তর কোরিয়া সফরের জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দলের ভিসা নিশ্চিত করতে বেইজিংও ভ্রমণ করেন। সেখানে তারা উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বোমা ও আকাশ থেকে পর্যবেক্ষণ যন্ত্র কেনার বিষয়েও আলোচনা করেন।



