
মুসলমান হওয়ায় আমার বিশ্বস্ততা নিয়ে হয়তো সন্দেহ হবে: ওয়াইসি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিজেপিকে ফের একবার কটাক্ষ করলেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি৷
শনিবার তিনি এক জনসভায় বলেন, মুসলমান হওয়ায় আমার বিশ্বস্ততা নিয়ে সন্দেহ হতে পারে, বিজেপি বলে মেরা বুথ সবসে মজবুত, কিন্তু আমি বলছি আমার সীমান্ত মজবুত তো আমার দেশ মজবুত৷
এর পাশাপাশি হায়দরাবাদে ওয়াইসি ওই জনসভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নেন৷ তিনি বলেন, ইমরান তাঁর সংসদে টিপু সুলতান, বাহাদুর শাহ জাফরের কথা বলেন, সুলতান হিন্দুদের শত্রু ছিলেন না, তারা নিজেদের সুলতানি সাম্রাজ্যের শত্রুদের শত্রু ছিলেন৷ পাকিস্তান অদ্ভুত অদ্ভুত কথা বলছে৷ তারা বলছে, তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে, সেটা তো আমাদের কাছেও রয়েছে৷ পাকিস্তান আগে লস্কর-এ-শয়তান এবং জইশ-এ-শয়তানকে খতম করুক৷

এদিকে শনিবারই, মধ্যপ্রদেশের উমরিয়াতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, আজ পাকিস্তানে আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে, কেউ তাকে সমর্থন করছে না৷ এই ‘ডিপ্লোমেটিক ভিকট্রি’ নরেন্দ্র মোদী সরকারই এনে দিয়েছে৷ তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, নির্বাচনের থেকেও তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তা৷ পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানের মধ্যে ঢুকে জবাব দিয়ে দেশে ফেরে সফল বায়ুসেনারা৷
অমিত শাহ প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, দেশের আর্থিক অবস্থায় কে গতি এনে দিতে পারে? দেশের নিরাপত্তা কে সুনিশ্চিত করে? পাকিস্তানকে মু-তোড় জবাব কে দিতে পারে৷ এইসব কিছুর জবাব নরেন্দ্র মোদীর নামের সঙ্গে সঙ্গেই আসে বলে জানান তিনি৷



