
মুসলিমকে বাড়ি ভাড়া না দেওয়ায় ৫৭ কোটি টাকা জরিমানা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক বাড়ির মালিক তার ভাড়াটেকে মুসলিম বাবা আর সন্তানের কাছে রেস্টুরেন্টের জন্য জায়গা ইজারা দিতে নিষেধ করেছিলেন। এ কারণে তাকে ছয় লাখ ৭৫ হাজার ডলার (প্রায় সাত কোটি টাকা) জরিমানা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের পাশের শহর ডেনভারে ২০১৬ সালে একটি বাড়ি ভাড়া নেন ক্রেইগ ক্যাল্ডওয়েল। সেখানে তিনি একটি ফ্রাইড চিকেনের রেস্টুরেন্ট খোলেন। ২০১৭ সালের শেষ দিকে এসে সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন ক্যাল্ডওয়েল। কিন্তু বাড়ির মালিকের সঙ্গে চুক্তি অনুযায়ী তাকে হয় নতুন ভাড়াটিয়া খুঁজে দিতে হবে, নয়তো ৫ বছর ভাড়া পরিশোধ করে যেতে হবে।
ক্যাল্ডওয়েল ভাড়াটিয়া হিসেবে রাশেদ খান ও তার বাবা জুনায়েদকে পেয়ে যান। কিন্তু সমস্যা বাধে ক্যাল্ডওয়েল যখন বাড়ির মালিক ক্যাটিনা গ্যাচিসকে তাদের পরিচয় দেন। মুসলিম শোনার পর তিনি ভাড়ার চুক্তিতে অনুমোদন দেয়ার বিষয়ে আর কোনো আগ্রহ দেখাননি।
এক সপ্তাহ পর ক্যাল্ডওয়েল আবারও গেলেন তার বাড়ির মালিকের কাছে। ক্যাটিনা এসময় তাকে বলেন, ‘আমি আমেরিকান চাই, যে তোমার আর আমার মতো ভাল।’ ক্যাল্ডওয়েল পরে আবার তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ‘তারা মধ্যপ্রাচ্য থেকে সব মুসলিম ধরে নিয়ে আসছে এখানে। আর সেকারণে আমি নানা সমস্যায় পড়ছি।’
পরবর্তীতে নিজের আইনজীবীর পরামর্শে বিষয়টি নিয়ে আদালতে যান ক্যাল্ডওয়েল। সেখানে ক্যাটিনা গ্যাচিসও তার এই কথোপকথনের কথা স্বীকার করেন। গ্যাচিসের কথায় অবশ্য খুব একটা আশ্চর্য হননি রাশেদের বাবা। কিন্তু নাম শুনেই তার গোটা জীবনকে পরিমাপ করে ফেলার বিষয়টিকে হালকাভাবে নিতে পারেননি রাশেদ। তিনি বলেন, ‘আমার ভীষণ রাগ হয়েছিল। মর্মাহত হয়েছিলাম। ব্যাপারটি নিয়ে আমার নিজের মধ্যেই সন্দেহ তৈরি হয়। আরো কেউ কি এভাবে চিন্তা করে, নাকি এই নারীই শুধু…?’
এপ্রিলে আদালতে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। সে অনুযায়ী, বাড়ির মালিক নারীকে তার আচরণের জন্য ছয় লাখ ৭৫ হাজার ডলার দিতে হবে বাদীদেরকে।
এক বছর মামলা চলার পর এটিকে বড় ধরনের স্বস্তি হিসেবে উল্লেখ করেছেন রাশেদ। তিনি বলেন, ‘আমি আর আমার বাবা শুধু দেখতে চেয়েছিলাম যে, বিচার বলে কিছু আছে, যার কারণে এই নারী এমনটি করতে পারেন না।’ সূত্র: ডয়চে ভেলে।



