
মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রার স্ত্রীকে মারধরের অভিযোগ
বিপাকে ‘মোটিভেশনাল স্পিকার’ বিবেক বিন্দ্রা। স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ভারতের জনপ্রিয় এই ইউটিউবারের বিরুদ্ধে। বিবেকের শ্যালক ইতোমধ্যেই তার বিরুদ্ধে নয়ডার একটি থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে জানা গেছে, বিবেকের শ্যালক বৈভব কোয়াত্রার অভিযোগ, নয়ডার যে বিলাসবহুল বহুতলে ইউটিউবার থাকেন, সেখানেই তিনি তার স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। বৈভবের দাবি, কয়েক দিন আগে বিবেক এবং তার মায়ের উত্তপ্ত বাগ্বিতণ্ডা শুরু হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন বলেও অভিযোগ তার ভাইয়ের।
চলতি ডিসেম্বরের গোড়ার দিকেই বিবেক এবং ইয়ানিকার বিয়ে হয়েছিল।
বিবেক ভারতের একজন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও এবং প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউব এবং সামাজিক মাধ্যমগুলোতে বেশ বিখ্যাত। বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন। ইউটিউবে বিবেকের সাবস্ক্রাইবারের সংখ্যা ২ কোটিরও বেশি। ইউটিউব থেকে বছরে বড় অংকের অর্থ উপার্জন হয় তার।
সম্প্রতি ভারতের অন্য এক জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’ সন্দীপ মহেশ্বরীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিবেক। ইউটিউব চ্যানেলে ‘বিগ স্ক্যাম এক্সপোজ’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সন্দীপ। সেখানে একজন বড় ইউটিউবারের কথা বলা হয়, যিনি ব্যবসার নামে দেশের বহু তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন। সন্দীপ কারও নাম না উল্লেখ করলেও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে সেই ইউটিউবার আর কেউ নন, তিনি বিবেক। ভিডিও আপলোড করার পরের দিনই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সন্দীপ। সেই পোস্টে তিনি লেখেন, ‘বিগ স্ক্যাম এক্সপোজ’ ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলার জন্য তার কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।



