
‘যারা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না’-ব্যারিস্টার মওদুদ আহমেদ
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ বলছেন, আসছে সাধারণ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের রূপরেখা তারা শীঘ্রই তুলে ধরবেন।
মওদুদ আহমেদ বলেন, নির্বাচনের সময় তারা কোন ‘সর্বদলীয় সরকার’ চান না, তারা নির্দলীয় সরকার চান।
তিনি বলেন, ‘আমরা তো সর্বদলীয় একটি সরকারের জন্য আন্দোলন করছি না। আমরা তো কখনও বলি নাই যে আমাদের অন্তর্ভুক্ত করে একটা সরকার গঠন করা হোক। এটা কি আমরা কখনও দাবি করেছি?’
তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকার বলতে তারা কী বোঝাচ্ছেন, সেটি শীঘ্রই তারা তুলে ধরবেন।
তিনি বলেন, ‘যারা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচনের সময় কী কাজ করবেন না করবেন, সেটা আমরা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করে দেব।’
বর্তমান সংবিধান অনুযায়ী সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকালীন সরকারে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কি না; এই প্রসঙ্গে বিএনপি নেতা মওদুদ আহমেদ জিজ্ঞেস বলেন, ‘সেটা আমি বলতে পারবো না। সেটা সরকারের বিষয়। কিন্তু সেটা করে কোন লাভ হবে না। এটা তো নির্দলীয় হতে হবে। ধরেন কথার কথা বলছি যে আপনি যেটা বললেন, যে হ্যাঁ ঠিক আছে, বাইরে থেকেও একজনকে-দুইজনকে নিয়ে নিলেন কোন একটা দলের কাছ থেকে। সে তো দলীয় লোক হবে।
বিএনপির মতো একই চিন্তা করছে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। তারা যে পাঁচ দফা দাবি তুলে ধরেছে সেখানেও নিরপেক্ষ সরকারের বিষয়টি উল্লেখ করা আছে।



