
যুক্তরাষ্ট্রের হুমকি-হুমকি খেলা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এই হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এর আগে রাশিয়া থেকে অস্ত্র কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।
গত আগস্টেও রুশ সমরাস্ত্র ইস্যুতে ভারতকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। আবার ইরান থেকে তেল আমদানি বন্ধেও মার্কিন চোখ রাঙানির মুখে পড়েছিল দক্ষিণ এশিয়ার শক্তিশালী এই দেশটি। হুমকিতে ভড়কে গিয়ে ইরান থেকে তেল আমদানি কমানোর প্রক্রিয়াও শুরু করেছে তারা।
ইরানের সঙ্গে ব্যবসা বন্ধে চীনকেও হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটি জানিয়ে দেয়, তারা ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে না। সম্প্রতি চীনের ২০ হাজার কোটি ডলারের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় চীন কোনো পদক্ষেপ নিলে দেশটির আরও ২৬ হাজার ৭০০ কোটি ডলারের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দেন ট্রাম্প।
শুধু এশিয়াই নয়, ইউরোপ-আমেরিকার দেশগুলোকেও একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধে জার্মানিও ট্রাম্পের হুমকি পেয়েছিলো। ঘনিষ্ঠ মার্কিন মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, কানাডার মতো দেশও বাদ যায়নি হুমকি থেকে।
শুধু কি দেশ, কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকেও শাসিয়েছেন ট্রাম্প। ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক ব্যয় না বাড়ালে সংস্থাটি ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যায্য আচরণের অভিযোগে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকেও বেরিয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালতও মার্কিন প্রশাসনের হুঁশিয়ারি পেয়ে আসছে।
ইরান, তুরস্ক ও ভেনিজুয়েলার মতো দেশগুলো নিয়মিতই ট্রাম্পের রোশানলে থাকে। যদিও এই দেশগুলো মার্কিন হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মর্জিমতোই কাজ করে যাচ্ছে।
গত জুনে ইরানের সঙ্গে চুক্তি বন্ধে সুইজারল্যান্ডের ম্যাটিসা রেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু কোম্পানিটি ওই হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে ২ কোটি ইউরোর চুক্তি করে। এই চুক্তির অঙ্ক বেড়ে আট কোটি ইউরোতে পৌঁছাবে বলেও জানায় তারা।
শত্রু কিংবা মিত্র, রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠান, কোনটিই ট্রাম্পের হুমকি থেকে বাদ যায়নি। এখন প্রশ্ন হলো, বারবার হুমকি দিয়ে নিজেদের দেশের স্বার্থ কতটুকু নিশ্চিত করতে পারছেন ট্রাম্প?
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হুমকি কৌশল অন্য দেশগুলোকে নয়, বরং নিজ দেশকেই হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রমশই বন্ধুহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। যা দেশটির জন্য ভয়াবহ ফলাফল বয়ে নিয়ে আসবে বলেই আশঙ্কা করা হচ্ছে।



