
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মঞ্চ অভিনেতার আন্তর্জাতিক সম্মাননা অর্জন
নিউ ইয়র্ক থেকে: বাংলাদেশের মঞ্চ অভিনেতা শেখ তানভীর আহমেদ যুক্তরাষ্ট্রে ‘জর্জ কে ক্যাম্পবেল অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন। বিশ্ব নাট্যাঙ্গনে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে অবদান রাখায় জর্জ কে। ক্যাম্পবেল স্কলারশিপ প্রোগ্রামের আর্ট অ্যান্ড কালচার বিভাগে সেরা বুদ্ধিদীপ্ত অভিনেতা নির্বাচিত হওয়ায় তিনি এ স্বীকৃতি পান।
গেল শনিবার (১৪ অক্টোবর) নিউ ইয়র্কের ব্রুকলিনের গ্লেন ট্যারেস ক্যাটারার্সের বলরুমে আয়োজিত ‘অ্যানুয়াল জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটি’র নিয়মিত আয়োজন ‘গিভ মি এ সেকেন্ড চান্স’ এর এবারের আসরে আমন্ত্রিত নিউ ইয়র্ক লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি ও মিডিয়ার উপস্থিতিতে শেখ তানভীর আহমেদের হাতে পুরষ্কার ও রাস্ট্রীয় সম্মান নিউ ইয়র্ক স্টেট সিনেটর, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের অফিসিয়াল সনদ তুলে দেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর রোক্সান জে. পারসোডের পক্ষে মিস জেনিফার ভাইসুয়েগ হর্সফোর্ড এবং জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটির অফিসিয়াল মিস ইয়ান উইলিয়ামস ও ইয়ামা অরনি ক্যাম্পবেল। এর আগে সে আয়োজন তানভীর শেখ এর নির্দেশনা ও একক পরিবেশনায় ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘দ্য ব্লাইন্ড পার্সপেক্টিভ’ নকশা মূকাভিনয় প্রদর্শন করেন।



