আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ব্যর্থ, হরমুজে তাদের হস্তক্ষেপ করতে দেবে না ইরান

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, তেহরানে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের ফাঁকে চীন, বেলারুশ ও তুর্কমেনিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েইয়ের সঙ্গে বৈঠকে গালিবাফ বলেন, ‘আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ হতে দেবে না।’

তিনি জানান, ইরান কৌশলগত এই নৌপথ দিয়ে চীনা জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে। পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণে তেহরান ও মাস্কাটের মধ্যে সমঝোতা হয়েছে।

আঞ্চলিক বিষয়ে ইরান ও চীনের সামনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে উল্লেখ করে গালিবাফ বলেন, আমরা আশা করি, দুই দেশের মধ্যে যোগাযোগ ও কৌশলগত সহযোগিতা আরো গভীর হবে।

গালিবাফ বলেন, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ইরান-চীন সম্পর্ক আরো গভীর করা প্রয়োজন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের একতরফা নীতির কারণে তেহরান ও বেইজিংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয় এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরো দাবি করেন, ইরানের আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতা ভবিষ্যতে আরেকটি যুদ্ধ ঠেকাতে সক্ষম হবে, যদিও ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ভণ্ডুলের চেষ্টা করছে।

বৈঠকে হে ওয়েই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে চীনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, চীন ও ইরানের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশের সম্পর্ক আমরা আরও শক্তিশালী করতে চাই।

এদিকে বেলারুশের প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান ইগর সেরগেইয়েঙ্কোর সঙ্গে বৈঠকে গালিবাফ ইরানের প্রতি মিনস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থা রমজান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।

এখন সবাই বুঝতে পেরেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ব্যর্থ হয়েছে।
গালিবাফ বলেন, ইরান তাদের ‘প্রজ্ঞাবান, সাহসী নেতা এবং ইসলামী বিশ্বের আধ্যাত্মিক পিতাকে’ হারালেও সামরিক ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়ে উঠেছে। যুদ্ধের সময় ইরানি জনগণের ঐক্যেরও প্রশংসা করেন তিনি।

এ সময় তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে ইরান কঠোর জবাব দেবে। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী সমঝোতার পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থা যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও সমানুপাতিক পদক্ষেপ গ্রহণ করবে।

গালিবাফের দাবি, ওয়াশিংটন এখন বুঝতে পেরেছে যে সামরিকভাবে ইরানের মোকাবেলা করা সম্ভব নয়। ন্যাটো ও অন্যান্য মিত্রকে সম্পৃক্ত করার চেষ্টা সত্ত্বেও অভিযানে ব্যর্থতা এসেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension