
যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনকে সমর্থন অব্যাহত রাখবে
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘জয় না আসা পর্যন্ত’ ইউক্রেইনকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
শনিবার এক অঘোষিত সফরে কিইভ গিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার টুইটারে জেলেনস্কির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, তিনি সামরিক উর্দি পরা অবস্থায় চারপাশে সশস্ত্র সেনা পরিবেষ্টিত হয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের সামনে পেলোসির নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন।
এরপর পেলোসির সঙ্গে চার ঘণ্টা ধরে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করেন তারা। যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেইনের যে অংশীদাররা কিইভ সফরে গিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
পেলোসি ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর থেকে দেশটিতে সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা। তার আগে যুক্তরাষ্ট্রের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন কিইভ সফর করেছেন।



