
যুদ্ধের আবহে ৩ সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠকে সীতারামন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের প্রত্যাঘাতের পরিকল্পনা নাকি পাকিস্তানের যে কোনও পদক্ষেপের জবাব দেওয়ার ব্লু প্রিন্ট তৈরির পরিকল্পনা? বুধবার ৩ সেনাপ্রধানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠককে ঘিরে এমনই সব প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে৷
মঙ্গলবার ভারতীয় সেনার এয়ারস্ট্রাইকের পর সেদিনই পাকসেনা ক্যাম্প গুঁড়িয়ে সেনা-জওয়ানরা৷ ভারতের একের পর এক প্রত্যাঘাতে চাপে পড়ে একঘরে পাকিস্তান৷ চরম সমালোচনার মুখে৷ আর এই পরিস্থিতি থেকে বেরোতে যে পাকিস্তান মরিয়া হয়ে উঠবে তেমনটাই মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে পাকিস্তানের যে কোনও ছক বানচাল করে দিতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী সবদিক থেকে প্রস্তুত সেই বার্তা ইতিমধ্যেই তুলে ধরেছে৷
বুধবার জরুরি বৈঠকে তিন সেনাপ্রধানের সঙ্গে বসতে চলেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷
প্রসঙ্গত, মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পর দেশের সেনাকর্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন যে তাঁরা যে কোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।
সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া ও নৌসেনা প্রধান সুনীল লাংবার সঙ্গে কথা হয়েছে মোদীর। তাঁরা প্রত্যেকেই বলেছেন, ইসলামাবাদ যদি কোনও পাল্টা হামলার চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা বাহিনীর জওয়ানরাই প্রস্তুত আছে।
বায়ুসেনার হামলার কয়েক ঘণ্টার পর পাকিস্তান আর্মির মেজর জেনারেল আসিফ গফুর টুইটে লেখেন, ‘ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছে৷ ভারতীয় বায়ু সেনার বিমানগুলো ফিরে গিয়েছে৷ তবে পাকিস্তান এয়ার ফোর্সও জবাব দেবে৷’



