
‘রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মনে হয় সুইসাইড করতেন’
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করে বলেছেন, বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা নেশা করছেন।
মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে কলেজ–বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেন, ‘মেয়েকে বিশ্বভারতীতে ভর্তি করতে চেয়েছিলাম। কিন্তু পারি নি। তবে এখন গুরুতর অভিযোগ পাচ্ছি বিশ্বভারতীর বিরুদ্ধে। বিশ্বভারতীতে প্রচুর নেশাখোর হয়ে গিয়েছে। পাতা নাকি বলে, সেসব খাচ্ছে ছেলেমেয়েরা। দুর্ভাগ্য আমাদের। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মনে হয় সুইসাইড করতেন।’
অনুব্রত মণ্ডলের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অধ্যাপকদের একাংশ মুখে কিছু না বললেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনা কতটা সত্য, তা নিয়ে বিশ্বভারতীর অন্দরে শুরু হয়েছে আলোচনা। এমনকি বিষয়টির ওপর নজর রাখতেও বলা হয়েছে।
এছাড়া স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে বিতর্ক তুলেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘এই মেডিকেল কলেজ আমার স্বপ্ন। মুখ্যমন্ত্রীর কাছে আমি একটি মেডিকেল কলেজের দাবি করেছিলাম। তাই ফুলপুরে তৈরি হয় একটি মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রীর ইচ্ছায় তা পূর্ণ হয়েছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাই।’
হিন্দুস্তান টাইমস



