
রাহুল গান্ধীই হলেন ‘দেশের এবং ভবিষ্যতের মুখ’: শত্রুঘ্ন সিনহা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ৬ এপ্রিল শিবির পরিবর্তনের কথা ছিল শত্রুঘ্ন সিনহার৷ সেই মতোই আজ শনিবার তিনি বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কংগ্রেসে৷ যোগদানের আগেও যেমন সব হয়েছিলেন তিনি, তেমনই পরেও তিনি জানালেন গেরুয়া শিবিরে তাঁর অমর্যাদার কথা৷ তার অত্যাচারিত হওয়ার কথা৷ তিনি বলেন, বিজেপি আসলে “one-man show and two-men army”.
শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি বেণুগোপাল জানান, শত্রুঘ্ন সিনহা সেরা রাজনীতিবিদ যিনি এর আগে একটি ভুল দলে ছিলেন৷ শত্রুঘ্ন জানান, রাহুল গান্ধীই হলেন দেশের মুখ, ভবিষ্যতের মুখ৷ একদিকে যেখানে কংগ্রেসের প্রশংসায় তিনি পঞ্চমুখ অন্যদিকে সেখানেই বিজেপিকে নিশানা করলেন তিনি৷ শত্রুঘ্ন বলেন, বিজেপির সঙ্গে আলোচনার কোনও জায়গাই নেই, সেখানে নিজেদের দলের কর্মীদের কোনও মূল্যই দেওয়া হয়না৷ বিজেপিতে গণতন্ত্র ধীরে ধীরে একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে৷ বিজেপি ওয়ান ম্যান শো-য়ে পরিণত হচ্ছে৷
এখানেই শেষ নয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনসাধারণ তার মিথ্যে কথা এবং মিথ্যে প্রতিশ্রুতিগুলি ধরে ফেলেছে৷ তার আসল চেহারা প্রকাশ পেয়ে গিয়েছে৷ শত্রুঘ্ন জানান, কোনও সত্যি কথা যতবার তিনি বলার চেষ্টা করেছেন, ততবারই তাঁকে বিদ্রোহী তকমা দেওয়া হয়েছে৷ সত্যি কথা বলা যদি বিদ্রোহ করা হয় তাহলে তিনি বিদ্রোহী বলে জানান তিনি৷
বর্ষীয়াণ এই নেতার মতে, প্রচারের জন্য বিজেপি যে পরিমাণ অর্থ ব্যয় করছে তা যদি উন্নয়নের কাজে ব্যয় করা হত তাহলে দেশের চেহারা অন্যরকম হত৷ উল্লেখ্য, বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা৷



