যুক্তরাষ্ট্র

রুশ-মার্কিন আলোচনা বৈঠকেই নিষেধাজ্ঞার হুমকি

ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় চলমান এই বৈঠকের মধ্যেই মস্কোর বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি দলের প্রধান উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেন, ‘রাশিয়া যদি আলোচনার টেবিলে থাকে এবং তারা উত্তেজনা নিরসনের ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নেয় তাহলে অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি আগ্রাসন চালায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রস্তুত রয়েছে। রাশিয়া বলেছে, ইউক্রেন আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের নেই। আলজাজিরা ও মস্কো টাইমস।

সোমবার জেনেভায় পশ্চিমা ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রশ্ন আলোচনায় বসেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। সাত ঘণ্টাব্যাপী বৈঠকের পর উভয়পক্ষ উত্তেজনা কমাতে সম্মত হয়। কিন্তু আলোচনার পর বড় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। প্রায় এক লাখ রুশ সৈন্য ইউক্রেন সীমান্তের কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা ব্লকের আশঙ্কা, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে-ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিন আলোচনা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রুশ ও মার্কিন কর্মকর্তাদের পারস্পরিক উদ্বেগ সম্পর্কে ভালো সমঝোতা হয়েছে। তবে একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পররাষ্ট্র দপ্তর। শেরম্যান পরিষ্কার করে বলেন, ‘রাশিয়াকে সুস্পষ্ট মূল্য দিতে হবে, তার মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে অন্যতম। এর ফলে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানি-শিল্প ক্ষতির মুখে পড়বে। এছাড়া রুশ সীমান্তবর্তী মিত্র দেশগুলোতে ন্যাটো জোটের সামরিক উপস্থিতি বাড়বে এবং ইউক্রেনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও শেরম্যান জানান। পশ্চিমের সঙ্গে মস্কোর সংঘর্ষ বাধার ঝুঁকিগুলোকে একেবারে গুরুত্বহীন মনে না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension