অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরযুক্তরাষ্ট্র

লক্ষ লক্ষ আমেরিকান বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেন না

করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের ২৬ শতাংশ ভাড়াটিয়ার বাড়িভাড়া পরিশোধে সাময়িক অর্থ সহায়তার প্রয়োজন হবে। প্রতি মাসে যার পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার।

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নিউইয়র্কের বাসিন্দা ব্রিটানি ব্রুক গত ১৬ মার্চ চাকরি হারান। এর ঠিক দুই দিন পর চাকরি চলে যায় তার স্বামী ম্যাথিউ হোয়াইটফিল্ডেরও।

অথচ মার্চ মাস শেষে ১ এপ্রিল তাদের হাতে এসেছে বাড়িভাড়াসহ বেশকিছু বিল। ব্রিটানি একটি বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক ছিলেন।

অন্যদিকে ম্যাথিউ অভিনয়ের পাশাপাশি করতেন ওয়েটারের কাজ। কিন্তু বর্তমানে তারা দুজনই চাকরিচ্যুত হওয়ায় বিল পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়েছেন।

শুধু এ দুজনই নন, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে তাদের মতো চাকরি হারিয়ে বাড়িভাড়াসহ অন্যান্য বিল দিতে পারছেন না সব শ্রেণির কয়েক লাখ মানুষ।

হঠাৎ করেই তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন পুরোপুরি উল্টে গেছে বলে জানিয়েছে এএফপি। দেশটিতে চাকরি হারিয়ে বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছেন সাড়ে ৬৬ লাখ মানুষ। ৩১ বছর বয়সী ব্রিটানি বলেন, ‘বিয়ের পর এই প্রথম আমরা আমাদের ক্রেডিট কার্ডের পুরো ব্যালান্স পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে সুদ কমানোর অনুরোধ করেছি।’

তাছাড়া এ দম্পতি তাদের শিক্ষাঋণ পরিশোধের সময় পিছিয়ে দেয়ার পাশাপাশি তা কমানোরও আবেদন করেছেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা শুধু বিদ্যুতের মতো অতি জরুরি কিছু বিল পরিশোধ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাড়িভাড়াও পরিশোধ করব না।

কারণ সব বিল দিতে গেলে আমাদের সঞ্চয় ও জরুরি তহবিলের অর্থ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। নিউইয়র্কে ব্রিটানি ও ম্যাথিউ যে এক কক্ষের অ্যাপার্টমেন্টে থাকেন, সেটির মাসিক ভাড়া ১ হাজার ৬৯০ ডলার (এক লাখ ৪৪ হাজার টাকা)।

আবাসন খাতের বিশ্লেষক ও বিনিয়োগকারী সংস্থা আমহার্স্টের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের ২৬ শতাংশ ভাড়াটিয়ার বাড়িভাড়া পরিশোধে সাময়িক অর্থ সহায়তার প্রয়োজন হবে। প্রতি মাসে যার পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরকার দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

তবে প্রত্যেক আমেরিকানকে ১ হাজার ২০০ ডলারের চেক ও প্রত্যেক শিশুকে যে ৫০০ ডলার করে দেওয়ার কথা বলা হয়েছে, তা এপ্রিলের দ্বিতীয় ভাগের আগে প্রদান করা সম্ভব হবে না।

হাজার হাজার ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বেকার ভাতার জন্য ২১ মার্চ পর্যন্ত আবেদন করেছে সাড়ে ৬৬ লাখ আমেরিকান নাগরিক। নিউইয়র্কের অলবেনিতে একটি রেস্তোরাঁয় কাজ করতেন ট্যামি ডেভিটো। তিনি ১২ মার্চ চাকরিচ্যুত হন।

এ অবস্থায় তিনি সপ্তাহে ২৫০-৩০০ ডলারের বেকার ভাতা আশা করছেন। কিন্তু বাস্তবতা হল- এ পরিমাণ অর্থ তার জীবনযাপন বিশেষ করে টেলিফোন, বিদ্যুৎ ও ক্যাবল বিল এবং বাড়িভাড়া ও গাড়ির ঋণ পরিশোধের জন্য যথেষ্ট নয়। বাধ্য হয়ে ট্যামি অনলাইনে অনুদান সংগ্রহের চেষ্টা করছেন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension