
লিজ ট্রাসের নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা
চেয়ারে বসার পরপরই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়কার প্রভাবশালী মন্ত্রীদের বাদ দিয়ে নিজের ঘনিষ্ঠদের নিয়ে নতুন মন্ত্রিসভা গড়েছেন সদ্য নির্বাচিত ট্রাস।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় তাকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি।
সদ্য নির্বাচিত ট্রাসের নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কোয়াসি কোয়ার্টেংকে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লিভারলি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে।
তবে সদ্য ঘোষিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার অনেকে। তাদের একজন সাবেক বিচারবিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব। নতুন মন্ত্রীদের তালিকায় নেই সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলেও।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী পেনি মরডান্টকে। আর নতুন আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী হয়েছেন কেমি ব্যাডেনচ। কিট মাল্টহাউস পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে নতুন মন্ত্রিসভায় পরিবেশবিষয়ক মন্ত্রী হয়েছেন রনিল জয়াবর্ধনে। বিচারবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রান্ডন লুইস। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। সেখানে এবারও বেন ওয়ালেসের ওপর আস্থা রাখা হয়েছে।
এর আগে গত সোমবার সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ জন টরি সদস্য আর সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ জন ভোট দেন। ফলে বড় ব্যবধানে জয়ী হয়ে ডাউনিং স্ট্রিটে জায়গা করে নেন ট্রাস।



