
শাহরুখের জন্মদিনে বুর্জ খলিফায় আলোকসজ্জা
বলিউড তারকা শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুর্জ খলিফায় এবারও করা হলো বর্ণিল আলোকসজ্জা। এদিকে, প্রিয় অভিনেতার জন্মদিনে তার প্রতি ভালোবাসা জানাতে অগনিত ভক্ত ভিড় করেন মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ’মান্নতে’।
এবার ঘটা করে জন্মদিন পালন করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছেলে আরিয়ানের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের নিয়ে ঘরোয়াভাবে অনুষ্ঠান করার কথা ছিল।
তবে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুর্জ খলিফায় এবারও করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফায় মঙ্গলবার রাতে লেখা হয়, ‘উই লাভ ইউ শাহরুখ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়।
২০১৯ সাল থেকে বুর্জ খলিফায় এ বলিউড তারকার নাম ওঠে। শাহরুখও পাল্টা ভিডিওতে সবাইকে কৃতজ্ঞতা আর শুভকামনা জানিয়েছেন।
শাহরুখ খানের জীবনে বিশেষ দিন এটি। জীবনে ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিয়েছেন এই সুপার হিরো।
প্রতি বছর ঘটা করেই জন্মদিন পালন করেন শাহরুখ। ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এবার ভিন্ন পরিবেশে জন্মদিন এসে দাঁড়িয়েছে তার সামনে।
ছেলে আরিয়ান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বড় ঝড় বয়ে গেছে তার জীবনে। সম্প্রতি ছেলে আরিয়ান জামিনে মুক্ত হলেও শাহরুখের জীবনে যে ঝড় বয়ে গেছে তার রেশ এখনও কাটেনি। এ কারণে আগের মতো এবার জন্মদিন পালন করবেন না বলে ঘোষণাও দিয়েছিলেন।
কিন্তু ভক্তরা কি বাধা মানে। প্রিয় অভিনেতার জন্মদিনে প্রতি বছরের মতো এবারও তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে অগনিত ভক্ত ভিড় জমিয়েছেন মুম্বাইয়ে তার বাসভবন ’মান্নতে’।



