
শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ করা হবে: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষাক্ষেত্রে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময় শিক্ষাক্ষেত্রে এমন বরাদ্দ দেওয়া হয়নি। আগামীতে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে। পর্যায়ক্রমে তা ৫ শতাংশ করা হবে। এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করব না।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) ওপর গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, যাদের চোখে আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশটাকে গড়তে চাই, তারা যেন নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। তারা যেন বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারে। সেভাবেই আমাদের সন্তানদের তৈরি করতে চাই।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরি সমৃদ্ধ করার কথা বলেন। এ ক্ষেত্রে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সহযোগিতা করার ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিও। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এ ছাড়া বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগরসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



