
শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নবনির্বাচিত সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়মানুযায়ী এমপিদের গেজেট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভা গঠনের অনুমতি চান। রাষ্ট্রপতির অনুমতির প্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মন্ত্রিসভা গঠন করবেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির ফুলেল শুভেচ্ছা
এর আগে সকালে শপথ নেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্যরা। এদিন সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হওয়ায় অনুষ্ঠানের শুরুতে তিনি নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেন। এরপর তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। প্রথমে আওয়ামী লীগ এবং পরে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন।
গত মঙ্গলবার, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণকে কেন্দ্র করে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর, নির্বাচন কমিশন শপথের প্রস্তুতি নিতে, জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেয়। সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার ৩ দিনের মধ্যে শপথ গ্রহণ করা এবং ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে।
ছবি: পিএমও।



