
শ্রীনগরে মাহী বি চৌধুরীর বাড়িতে গুলি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল ১৯ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গ্রামের বাড়িতে এক রাউন্ড গুলি ও ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি করেছে দুর্বৃত্তরা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহী বি চৌধুরীর বাড়ির পিছন দিক থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। এতে জানালার একটি কাঁচ ভেঙ্গে যায়। ঘটনার সময় মাহী বি চৌধুরী বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। নির্বাচনী প্রচারণার কাজে তারা পার্শ্ববর্তী ষোলঘর ইউনিয়নের কেওয়াট খালী এলাকায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক রাউন্ড গুলি করা হয়েছে।
মাহী বি চৌধুরীর নির্বাচনী কাজে নিয়োজিত ওবায়দুল হক সোহাগ জানান, আমরা নির্বাচনী কাজে ষোলঘর ইউনিয়নের কেয়টখালি এলাকায় ছিলাম। পরে জানতে পারি মাহী বি চৌধুরীর বাড়িতে এক রাউন্ড গুলি ও ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় মাহী বি চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।



