
সবচেয়ে বেশি কষ্ট পুলিশকেই করতে হয়: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: সবচেয়ে বেশি কষ্ট পুলিশ বাহিনীকে করতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনগণের দোরগোঁড়া সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। এজন্য শিল্পনগরী গাজীপুর এবং ঐতিহ্যবাহী রংপুর বিভাগে জনগণের সেবা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়েছে। সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ বাহিনীর কাজের প্রশংসা করেন শেখ হাসিনা। এছাড়া পুলিশ বাহিনীর জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
আটটি থানা নিয়ে গাজীপুর ও ছয়টি থানা নিয়ে গঠিত হয়েছে রংপুর মেট্রেপলিটন পুলিশ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পুলিশ বাহিনীর সদস্যরা সবচেয়ে বেশি কষ্ট করেন। এজন্য সরকার পুলিশ বাহিনীর উন্নয়ন ও সুবিধার জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে।
বিএনপি জামায়াতের আন্দোলনের সময় ২৭ জন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন উল্লেখ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। তিনি মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকার কথাও স্মরণ করেন।
পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ও সক্ষমতা বাড়ানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হলে এই দুই অঞ্চলের মানুষের নিরাপত্তা বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে।
শেখ হাসিনা বলেন, ‘দেশকে সামনে নিয়ে যেতে চাই। বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলবে না, নিজের পায়ে দাঁড়াবে, মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।’
গণভবন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। এরপর রংপুর পুলিশ লাইন ও গাজীপুর পুলিশ লাইন মাঠ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন প্রান্তে সংযুক্ত হন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।



