
সরকারের নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলুন: নজরুল
রূপসী বাংলা ডেস্ক:সরকারের নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।
আওয়ামী সন্ত্রাসী কর্তৃক এলডিপির সভাপতি ড. কর্ণেল (অব.) অলি আহমদকে হত্যার উদ্দেশ্য হামলার প্রতিবাদে এ সভায় আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ শুধু প্রতিবাদে সরকারের নির্যাতন বন্ধ হবে বলে মনে হয় না। তাই আমাদেরকে প্রতিরোধ গড়তে হবে। দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এখন বিরোধী দল হতে হয় না। সরকারি দল না করলেই নির্যাতন সইতে হয়।
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনো দলের না। এরপরও তাদের নির্যাতিত হতে হয়েছে। সুতরাং জনগণের সরকার প্রতিষ্ঠা এ সমস্যা সমাধানের একমাত্র উপায়।
অলি আহমদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানান, হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামীকাল (শনিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। যেখানে বিএনপিসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গনি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুসলিম লীগের এইচ এম কারুজ্জামান, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



