
সিইসির পদত্যাগ দাবি যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সি ই সি কে এম নূরল হুদার পদত্যাগ এবং বিএনপি প্রার্থীদের গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল এবং জাসাসের নেতৃবৃন্দ। এসব সংগঠনের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে ২৫ ডিসেম্বর অভিযোগ করা হয়েছে, ‘অঙ্গিকার অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরীতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে কে এম নূরল হুদার নেতৃত্বাধীন কমিশন। এদের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব হয়ে উঠেছে। তাই অবিলম্বে এই কমিশন বদলাতে হবে। অন্যথায় সারাবিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে, যা গণতন্ত্রকামি কারোরই প্রত্যাশা নয়।’
বিবৃতি প্রদানকারি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের ও সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন প্রমুখ।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিএনপিসহ ঐক্যফ্রন্টের জনপ্রিয়তায় ভিত-সন্ত্রস্থ মহাজোটের স্বার্থে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর ক্ষেত্রে রহস্যজনক নিরবতা অবলম্বন করে চলেছে। এটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।এনআরবি নিউজ



