বাংলাদেশরাজনীতি

‘সিনহার মতো জাতীয় ঐক্যেরও স্বপ্নভঙ্গ হবে’

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার মতো জাতীয় ঐক্যেরও স্বপ্ন ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘গণতন্ত্র, উন্নয়ন ও শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সিনহা একটি বই লিখেছেন স্বপ্নভঙ্গের। তোমার স্বপ্ন তো ভেঙে গেছেই। বহু আগে খালেদা-তারেকের স্বপ্নও ভেঙেছে। এভাবে জাতীয় ঐক্যের ষড়যন্ত্রের স্বপ্নও ভেঙে যাবে। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘গতকাল শনিবার মহানগর নাট্যমঞ্চে রাজনীতির নাটক মঞ্চস্থ করা হয়েছে। বিএনপির মতো একটি দেউলিয়া দল আরেক দেউলিয়া ড. কামালের কাছে আত্মসমর্পণ করে বাঁচতে চায়। দেউলিয়াদের ঐক্য জাতীয় ঐক্য হতে পারে না। এটি মূলত ষড়যন্ত্রের ঐক্য। এটি দেশীয় ষড়যন্ত্র। এছাড়াও আন্তর্জাতিক মহলে লুটের টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। কোনও ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃত্বে বহু আগ থেকেই জনগণের জাতীয় ঐক্য হয়েছে, সেটি এখনও আছে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে, ইনশাল্লাহ।’

৯০-এ ছাত্রদের কালো তালিকাভুক্ত ড. জাফরুল্লাহ চৌধুরী গংরা গণতন্ত্রের লেবাস নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা আজকে বলছে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকারীদের বিচার ও ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার কে করেছে? যখন এসব বিচার হচ্ছিল, তখন তো এই আইনের ঠিকাদার ড. কামালরা একদিনও বিচার অঙ্গন পরিদর্শনে যাননি। তারা যে গণতন্ত্রের কথা বলছে, সেটা কি ২১ আগস্টের মতো গ্রেনেড হামলা করে বিরোধী দলের নেতাকে হত্যাচেষ্টার গণতন্ত্র? অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ বিরোধী দলের নেতাদের হত্যার গণতন্ত্র?’

তিনি বলেন, ‘গণতন্ত্র, উন্নয়ন ও শেখ হাসিনা পরিপূরক শব্দ। সারা পৃথিবী যেখানে ব্যর্থ, সেখানে শেখ হাসিনা সফল। শেখ হাসিনার এ সফল যাত্রা চলমান থাকবে। তবে আপনারা যখন গণতন্ত্রের নামে মানুষ হত্যা করবেন, ভোটকেন্দ্রে হামলার নামে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেবেন, নানা রকম সহিংসতা করবেন, তখন তো রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। সে দায়িত্ব পালন করলে যদি বলেন গণতন্ত্র হত্যা, সেটা তো অমূলক।’

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ারুল কবির, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension