
সিনহা কানাডায় আশ্রয় চান
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: তিনিই ছিলেন বাংলাদেশের শীর্ষ আদালতের প্রথম হিন্দু প্রধান বিচারপতি। পরিস্থিতি এমনই যে আপাতত তিনি এখন শরণার্থী হিসেবে কানাডায় থাকার জন্য আবেদন জানিয়েছেন৷ ২০১৭ সাল থেকে এই বিচারপতি কার্যত আমেরিকায় এক নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ২১-তম প্রধান বিচারপতি। তবে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে গত ২০১৭ সালের ১০ নভেম্বর তাকে বিচারপতি পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন৷ তাঁর বক্তব্য অবশ্য , রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ের মামলায় তিনি সরকারের পক্ষে রায় দেননি বলে তাঁকে হুমকির মুখে পড়তে হয় এবং প্রাণভয়ে দেশ ছাড়তে বাধ্য হন।তারপর থেকে তিনি আমেরিকায়৷
সম্প্রতি ফোর্ট এরি সীমান্ত দিয়ে সুরেন্দ্র কানাডায় প্রবেশ করেন এবং সেখানে শরণার্থী হিসেবে আশ্রয়ের জন্য আবেদন করেন সুরেন্দ্র। সেই আবেদনে তিনি উল্লেখ করেন, বিরোধী মতপোষণকারী বিচারকদের সরিয়ে দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা চেয়েছিলেন। এজন্য সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় সরকারের পক্ষে রায় দেওয়ার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।
এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ মেনে রায় দেননি বলেই তাকে তাড়ানো হয়৷ গত সপ্তাহে ‘দ্য স্টার’ সংবাদপত্রকে সাক্ষাৎকারে সুরেন্দ্র জানান, তিনি প্রতিবাদী বিচারক হওয়ায় তাঁকে টার্গেট করা হয়। সুরেন্দ্রের দাবি, তখন তিনি দেশ ছাড়তে রাজি হন।এর পরেই কানাডায় এক মেয়ের কাছে চলে যান সুরেন্দ্র এবং সেখান থেকে আমেরিকায়৷ নিউ জার্সিতে তাঁর ভাইয়ের সঙ্গে থাকেন।
তখন আমেরিকাতেও আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন সুরেন্দ্র। তিনি আমেরিকাতে আসার পরই তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করেন এবং নরম্যাল পাসপোর্ট চান। প্রায় ছয় মাস পরেও পাসপোর্টটা না হওয়ায় কারণ জানতে চাওয়া হলে জানানো হয় ঢাকা থেকে আমেরিকায় দেড় বছরেও ডিপ্লোম্যাটিক ব্যাগ আসেনি। বাংলাদেশের সরকার পদে পদে তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ করেন৷ বিকল্প রাস্তা হিসেবে তিনি বর্ডার দিয়ে পার করে কানাডায় আসেন এবং আশ্রয় চান৷
অবশ্য কানাডার কর্মরত বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমানের বক্তব্য, বাংলাদেশ ছাড়ার পর থেকে বিচারপতি সিনহা বার বার মিথ্যে কথা বলছেন। তাঁর দেশের ফেরার ক্ষেত্রে আদৌ কোনও নিষেধাজ্ঞা নেই। শরণার্থী হিসেবে তাঁর আবেদনকে জোরালো করতেই এমন সব দাবি করছেন তিনি ৷



