প্রধান খবরবাংলাদেশ

সিলেটের পথে খালেদা জিয়া

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই দিনের সফরে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। তার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, হজরত শাহজালাল রহ. ও শাহপরান রহ.-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যেই খালেদা জিয়া সিলেট যাচ্ছেন। তবে সফরকে ঘিরে সিলেটসহ আশেপাশের জেলাগুলোর বিএনপি চাঙা হয়ে উঠেছে।

সিলেট সফরে রওয়ানা দেয়ার আগে এ ব্যাপারে গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাবেক এই মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন সিলেটে যাচ্ছেন দুই ওলির মাজার জিয়ারত করতে।

গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত করে জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ওই জনসভার পর ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও সিলেট সফর করে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন। খালেদা জিয়াও কি নির্বাচনী প্রচার শুরু করবেন এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের।

জবাবে খসরু বলেন, ‘একবছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না। এখনো তো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। কিসের নির্বাচনী প্রচারণা? তবে কোনো দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে, এটা তাদের বিষয় ‘

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শাহজাহান ওমর, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতা। এছাড়া আরও কিছু নেতা আগেই সিলেট পৌঁছেছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য আছে। এই মামলায় নেতিবাচক রায় আসতে পারে এমন আশঙ্কাও আছে বিএনপির মধ্যে। সেই আশঙ্কা থেকে আগেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপি প্রধান।

গত শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেখানে খালেদা জিয়া রায়কে ঘিরে কী করণীয় সে সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে দুই দফা বৈঠক করেছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে। রায়ের আগে আরেক দফা তার বৈঠকের কথা রয়েছে। এছাড়া আগামী বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension