ভারত

সুখে থাকো, রুটি খাও—না হলে আমার গুলি তো আছেই: মোদি

সোমবার (২৬ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভূজে এক জনসভায় পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে সেখানকার জনগণকে এগিয়ে আসতে হবে এবং শান্তির পথ বেছে নিতে হবে। না হলে তাঁর গুলি প্রস্তুত রয়েছে।

মোদি বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাস নামক রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকেই এগিয়ে আসতে হবে। সুখের জীবন কাটাও, রুটি খাও—না হলে আমার গুলি তো আছেই।’

মোদি জানান, পেহেলগাম হামলার পর তিনি ১৫ দিন অপেক্ষা করেছিলেন পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাস দমনের কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু পাকিস্তানের অবস্থান দেখে মনে হয়েছে, ‘সন্ত্রাসই যেন তাদের রুটি-রুজির মাধ্যম।’

তিনি আরও বলেন, ‘ভারত যেখানে পর্যটনে বিশ্বাস করে, পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদকেই পর্যটন মনে করে—এটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত বিপজ্জনক।’

তিনি পাকিস্তানের জনগণের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘আপনারা কী অর্জন করেছেন? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি, আর আপনারা কোথায় আছেন? যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে, তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করেছে।’

অপারেশন সিঁদুরের বিষয়ে মোদি উল্লেখ করেন, এই অপারেশন হলো মানবতাকে রক্ষা করার একটি মিশন। এর মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে।

তিনি জানান, গত ৯ মে রাতে যখন পাকিস্তান সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা করে, তখন ভারতীয় সেনাবাহিনী দ্বিগুণ শক্তিতে জবাব দিয়ে পাকিস্তানের বিমানঘাঁটি ধ্বংস করে দেয়।

এই সফরে মোদি ৫০ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়া বরোদারায় আয়োজিত রোডশোতে অংশ নেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারও। কর্নেল কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই নারী কর্মকর্তার একজন, যিনি সীমান্ত পার হয়ে সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর ব্রিফিং দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension