
সেঞ্চুরি করেও পারলেন না বিরাট, জিতে সিরিজে সমতা ফেরালো ক্যারিবিয়ানরা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে বোলিং খারাপ হওয়ায় পুনেতে দলের দুই প্রধান বোলার ভুবনেশ্বর কুমার ও জশপ্রীৎ বুমরাহকে ফিরিয়ে এনেছিলেন নির্বাচকরা। স্পিন বিভাগেও জাদেজাকে বসিয়ে খেলানো হলো কুলদীপ-চাহাল জুটিকে। জাদেজাকে বসানোর সিদ্ধান্তের জন্য হয়তো এখন হাত কামড়াচ্ছেন অধিনায়ক কোহলি। একটা জুটি পেলেন না শেষদিকে। একাই লড়লেন। পারলেন না। এই প্রথম ভারতের মাটিতে রান তাড়া করতে গিয়ে কোহলি’র সেঞ্চুরির পরেও ম্যাচ হারল ভারত। আগের ম্যাচে টাইয়ের পর এই ম্যাচে জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান কোহলি। প্রথমে দুই উইকেট পড়ে গেলেও সেই শাই হোপ-শিমরন হেটমায়ের জুটি ফের পার্টনারশিপ গড়লেন। হেটমায়ের ৩৭ করে ধোনির অসাধারণ স্টাম্পিংয়ে আউট হলেও খেলা চালিয়ে যান হোপ। তাঁকে সঙ্গত দেন হোল্ডার। ৩২ রান করে আউট হন তিনি। পরপর দু ম্যাচে সেঞ্চুরির মাইলফলক থেকে মাত্র ৫ রান দূরে ৯৫ রানের মাথায় বুমরাহর অসাধারণ ইয়র্কারে বোল্ড হয়ে ফিরতে হয় হোপকে। একটা সময় মনে হয়েছিল ২৫০ টপকাতে পারবেন না ক্যারিবিয়ানরা। কিন্তু ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যাশলে নার্স। ৪৯ তম ওভারে ভুবনেশ্বরকে ২১ রান মারেন তিনি।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ ৪ উইকেট নেন। কুলদীপ যাদব ২ এবং খলিল আহমেদ, চাহাল ও ভুবনশ্বর ১ টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। কোহলি’র সঙ্গে শিখর ধাওয়ান পার্টনারশিপ গড়ে তোলেন। খুব সহজেই রান তুলছিলেন তাঁরা। কিন্তু ব্যক্তিগত ৩৫ রানের মাথায় আউট হয়ে যান ধাওয়ান। তারপর রায়ুডু ২২, পন্থ ২৪ করলেও নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। ধোনিও মাত্র ৭ করে আউট হন। অধিনায়ক কোহলি একদিকে নিজের স্বাভাবিক খেলাটা খেলছিলেন। কিন্তু কারও সাহায্য পেলেন না তিনি। জাদেজা না থাকায় ভারতের লোয়ার অর্ডারেও কেউ কোহলি’র সঙ্গ দিতে পারলেন না।
১১০ বলে নিজের ৩৮ তম শতরান পূরণ করলেন কোহলি। এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই সেঞ্চুরি করলেন তিনি। একমাত্র ভারতীয় হিসেবে এই নজির গড়লেন বিরাট। কেবল শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সঙ্গকারার পরপর চার ম্যাচে সেঞ্চুরি আছে। এই সিরিজে যেভাবে তিনি ব্যাট করছেন তাতে সিরিজের বাকি দুই ম্যাচেও সেঞ্চুরির আশা তাঁর কাছে থেকে দর্শকরা করতেই পারেন।
A hat-trick of hundreds is just an incredible feat by a special player. Well done @imVkohli. pic.twitter.com/DMc95fCPPX
— Sachin Tendulkar (@sachin_rt) October 27, 2018



